‘আর বছরও পরতে পারব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতের কোনো গরম কাপড় ছিল না। কম্বলডা পাইয়া ভালোই হইলি। আমার ভাই ও বোনের ছেলেমেয়েরাও সোয়েটার পাইচে। আজ আমাদের দিনডাই অন্য রকম হইলি।’কথাগুলো জইদা খাতুনের (৩৫)। রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে তাঁর বাড়ি। শীতবস্ত্র পেয়ে এভাবেই তিনি অনুভূতি প্রকাশ করেন।বাঘা উপজেলা ছাড়াও রাজশাহীর চারঘাট উপজেলা ও লালমনিরহাট পৌরসভায়ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বাঘার নওটিকা আরিফপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার ১৫০ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার দেওয়া হয়েছে। নতুন সোয়েটার গায়ে জড়িয়ে শিশুরা আনন্দে করতালি দিয়েছে। এ সময় মুখ টিপে হাসছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি। সোয়েটারটি কেমন—জানতে চাইলে সে বলে, ‘খুব মজা!’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুনি খাতুন বলে, ‘আর (আগামী) বছরও পরতে পারব।’বাঘায় শিশু ছাড়াও তাদের ১০০ জন অভিভাবককে কম্বল দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুজ্জামান, সহকারী শিক্ষক বজলুর রহমান ও বিউটি খাতুন, রাজশাহী বন্ধুসভার মাসুদ রানা, জাহিদুল ইসলাম, ইশরাত সুলতানা, বাঁধন ও বাঘা বন্ধুসভার বজলুর রহমান, তোফাজ্জল কবির, নবাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চারঘাটের বনকিশোর গ্রামে শুক্রবার বিকেলে ৫০ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় রাজশাহী বন্ধুসভার মাসুদ রানা, সোহরাব খোকন, জাহিদুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, বনকিশোর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, অবিনাশ কুমার সাহা ও পাইটখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী উপস্থিত ছিলেন।লালমনিরহাট পৌরসভায় গতকাল সকালে ৮০ জন শিশুকে জ্যাকেট দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমনিরহাট পৌর কমিটির সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর হারুন-অর-রশিদ, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব, বন্ধুসভার সভাপতি শৌর্য দীপ্ত ও সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহসান উপস্থিত ছিলেন।