'আর ভিক্ষা করব না' অঙ্গীকার ১৭৮ ভিক্ষুকের
যশোরের ঝিকরগাছা উপজেলার ১৭৮ জন ভিক্ষুক হাত তুলে ভিক্ষা না করার অঙ্গীকার করেছেন। আজ বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে ভিক্ষুকেরা এ অঙ্গীকার করেন।
এ অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের জন্য ১৭৮ আয়বর্ধক বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়া হয়েছে। ভিক্ষুকদের ৭৩ জন জমির দলিলও পান। তাঁদের মোট ছয় একর জমি দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ঝিকরগাছা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা দিয়ে বলেন, ‘ঝিকরগাছার ভিক্ষুকদের মধ্যে ৭৩ জনকে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বাসনের জমি বন্দোবস্ত এটিই প্রথম।’
ভিক্ষুকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য আপনাদের মধ্যে ভ্যান, ছাগল, হাঁস-মুরগি, চা দোকানের সরঞ্জামসহ বিভিন্ন ধরনের আয়বর্ধক সামগ্রী দেওয়া হলো। লাগলে আরও দেব। আপনারা ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবকে বলবেন। কিন্তু ভিক্ষাবৃত্তি আর করা যাবে না। কথা দিতে হবে।’
এ সময় ভিক্ষুকদের সবাই দাঁড়িয়ে দুই হাত তুলে বলেন, ‘আমরা আর ভিক্ষা করব না।’
আজ মোট ১৭ লাখ ১৪ হাজার টাকার পণ্যসামগ্রী তুলে দেওয়া হয় ভিখারিদের। এর মধ্যে ১২ লাখ ১৪ হাজার টাকা এসেছে কয়েকজন বিত্তশালীর অনুদান এবং ঝিকরগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের এক দিনের বেতন থেকে। তিন লাখ বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে আর দুই লাখ এসেছে উপজেলা রাজস্ব তহবিল থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছার ইউএনও জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানা, পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার জামাল। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ প্রমুখ।