
এবিসি রেডিওর (এফএম ৮৯.২) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছেন প্রতিষ্ঠানটির কর্মী, কলাকুশলী ও আগত অতিথিরা।
২০০৯ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করেছিল এবিসি। সাত বছর পেরিয়ে আট বছরে পা রাখল এই রেডিও। গতকাল শনিবার কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ উদ্যাপনে শামিল হন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তারা। এ সময় উৎসবের আমেজে কর্মী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
এবিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লতিফুর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবিসি রেডিও এখন অগ্রগামী প্রতিষ্ঠান। এটাকে ধরে রাখাটাই হবে সবচেয়ে বড় কাজ। এ জন্য ভালো মানের অনুষ্ঠান ও সৃষ্টিশীলতার সঙ্গে সম্মিলিত তৎপরতার ওপর জোর দিয়ে লতিফুর রহমান আরও বলেন, ‘এবিসি বর্তমানে তিনটি স্টেশনের মাধ্যমে কাজ করছে। অচিরেই আরও তিনটি স্টেশনের মাধ্যমে আমরা সারা দেশের শতভাগ শ্রোতার কাছে পৌঁছে যেতে পারব।’
প্রথম আলোর সম্পাদক ও এবিসি রেডিওর অন্যতম পরিচালক মতিউর রহমান বলেন, ‘এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। আমাদের আরও এগিয়ে যেতে হবে। ভালো অনুষ্ঠান ও সংগীতের মাধ্যমে শ্রোতাসংখ্যা আরও বাড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের সদস্য সাইফুর রহমান, আতিকুর রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ ও প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানিয়েল আফজালুর রহমান। আরও উপস্থিত ছিলেন প্রথম অলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রধান বাণিজ্য কর্মকর্তা তানভীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে এবিসি রেডিওর বিভিন্ন বিভাগের আটজনকে ২০১৫ সালের সেরা কর্মীর পুরস্কার দেওয়া হয়। তাঁরা হচ্ছেন ফজলুর রহমান, মো. সাব্বির নেওয়াজ, মো. গোলাম কিবরিয়া সরকার, মো. জাহিদুল ইসলাম, পঙ্কজ রায়, মো. আপেল মাহমুদ, মো. জহিরুল ইসলাম ও শারমীন রাব্বানী।
এর আগে ৭ জানুয়ারি জন্মদিন উপলক্ষে দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও শিল্পীরা শুভেচ্ছা জানাতে এবিসি কার্যালয়ে আসেন। দিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান।