‘আরও পড়তে চাই’
‘স্যার আমাকে বাঁচান, আমি আরও পড়ালেখা করতে চাই। মা-বাবা আমাকে কিছুক্ষণের মধ্যেই বিয়ে দিবে। আপনি নাকি বাল্যবিবাহ প্রতিরোধ করেন। দয়া করে আমার বিয়েটা বন্ধ করে দিয়ে আমাকে পড়ালেখা করার সুযোগ করে দেন।’গত রোববার সন্ধ্যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে কথাগুলো বলে উপজেলার মামুদপুর চৈতাপাড়া গ্রামের আবু মুসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মোছা. হাবিবা। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে হাবিবার বিয়ে বন্ধ করে দেন ইউএনও। ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলার আলী মামুদপুরের ফিরোজ মিয়ার সঙ্গে হাবিবার বিয়ে আয়োজন করা হয় ওই রাতে। কিন্তু পড়ালেখায় ভীষণ আগ্রহী হাবিবা বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় ইউএনও রহুল আমীন মিঞার মুঠোফোনে হস্তক্ষেপ কামনা করেন। ইউএনও তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন। অন্যদিকে শালবন গ্রামের আনোয়ার হোসেন তাঁর অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে কালাই উপজেলার বানিহারা গ্রামের আবদুল মান্নানের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করেন। খবর পেয়ে ইউএনও পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিলে বিয়েটি বন্ধ হয়ে যায়।