'আরাকান আর্মির নেতা' রিমান্ড শেষে কারাগারে
রিমান্ড শেষে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) কথিত নেতা রেনিন সো ওরফে রেনেজু রাখাইনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার রেনিন সোকে রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পরিদর্শক মমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত আগামী ২ নভেম্বর রেনিন সোকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুল্লাহ সরকার বলেন, ১৪ অক্টোবর রিমান্ডে নেওয়ার পর রেনিন সোর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজন হলে রেনিন সোকে আবারও রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।
কী তথ্য পাওয়া গেছে জানতে চাইলে ওসি বলেন, মামলার স্বার্থে এসব তথ্য বলা যাবে না। রেনিন সো নিজেকে আরাকান আর্মির নেতা হিসেবে স্বীকার করেছেন কি না, এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এটিও বলা যাবে না। পরে আপনারা জানতে পারবেন।’
১৩ অক্টোবর রাতে রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকা থেকে রেনিন সোকে গ্রেপ্তার করা হয়।
রাজস্থলী থানার ওসি মো. অহিদুল্লাহ সরকার বলেন, গত আগস্টে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলার প্রধান আসামি রেনিন সো।
১৪ অক্টোবর রেনিন সোর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়।
২৬ আগস্ট রেনিন সোর রাজস্থলীর বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইন এবং ২৮ আগস্ট সহযোগী সন্দেহে বাড়ির দুই তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা (৪২) ও মং চ ওয়াং মারমাকে (৩৯) গ্রেপ্তার করা হয়।