'আরাফাত ছিলেন মুক্তিকামী মানুষের প্রেরণা'
ইয়াসির আরাফাত ছিলেন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলি ষড়যন্ত্রে তাঁর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিকভাবে আরাফাতের মৃত্যুর কারণ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।
ফিলিস্তিনের অবিসংবাদী নেতা ইয়াসির আরাফাতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই ইয়াসির আরাফাত ও ফিলিস্তিনি জনগণের পক্ষে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বক্তারা বিশ্বের সব দেশের প্রতি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। বিজ্ঞপ্তি।