‘আরেকটি স্বাধীনতাযুদ্ধ করতে এসেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী মনিকা মহাজন। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে মিছিল-সমাবেশে যাননি কোনো দিন। এমনকি কোনো সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত নন। একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে চলতে থাকা গণ-আন্দোলনে স্লোগান তুলে নেতৃত্ব দিয়ে চলেছেন সমানে।শুধু মনিকা মহাজনই নন, চট্টগ্রামের জামালখানে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের শাস্তি মৃত্যুদণ্ড এবং আইন করে জামায়াতে ইসলামী-শিবিরসহ সব সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে পুরুষদের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে মনিকার মতো প্রতিদিন শামিল হচ্ছেন অসংখ্য তরুণী। মাইক্রোফোন হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছেন স্লোগানের। যোগ দিয়েছেন মিছিলে। এঁদের বেশির ভাগই নগরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবাদে মুখর এই নতুন মুখগুলোর সঙ্গে ঘরে বসে না থেকে আন্দোলনে যোগ দিচ্ছেন গৃহবধূরাও।জামায়াতে ইসলামী এবং বিএনপির ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের গণজাগরণ মঞ্চে আসে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফাহমিদা আফরোজ। ফাহমিদা প্রথম আলোকে বলে, ‘আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। কিন্তু প্রথম দিন থেকেই জনগণের দাবির সঙ্গে এই মঞ্চে একাত্মতা ঘোষণা করতে এসেছি। যারা একাত্তরের সময় এই দেশে তাণ্ডবলীলা চালিয়েছে, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে এসেছি। আমরা মরতে ভয় পাই না। এবং যতক্ষণ দাবি আদায় হবে না ততক্ষণ এই রাজপথ ছাড়ব না।’ প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে সাধারণ এসব তরুণী-নারীদের উপস্থিতি ছাড়াও উদীচী, বোধন, প্রমা আবৃত্তি সংগঠনসহ অংশগ্রহণ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নারী কর্মীরাও। গণজাগরণী কবিতা আবৃত্তি ও জাগরণের গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন আন্দোলনকারীদের। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগানে নেতৃত্ব দিয়েছেন তাঁরা। গত শুক্রবার গণজাগরণ মঞ্চে জামায়াত-শিবিরের চালানো তাণ্ডব এবং ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে আইনজীবী এবং সাংস্কৃতিক কর্মী মিলি চৌধুরী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ হয়তো আমরা দেখিনি কিন্তু এখন সেই সময়ের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে আন্দোলনে শামিল হতে এসে মনে হচ্ছে আমরা আরেকটি স্বাধীনতাযুদ্ধ করতে এসেছি। যারা স্বাধীনতাবিরোধী আন্দোলনের ইন্ধন জুগিয়ে ৩০ লাখ লোকের জীবন কেড়ে নিয়েছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছে, তাদের ফাঁসির রায় আদায় না করে ঘরে ফিরব না।’