‘আলট্রাসনোগ্রাম’ প্রতিবেদনের ভুলে নবজাতকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ‘আলট্রাসনোগ্রাম’ প্রতিবেদনের ভুলে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত নবজাতকের স্বজন ও হাসপাতালের বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সৌদি আরব-প্রবাসী আবদুর রাজ্জাকের স্ত্রী অন্তঃসত্ত্বা হোছনা বেগমকে (১৯) ‘আলট্রাসনোগ্রাম’ করানোর জন্য স্বজনেরা গত রোববার বিকেলে জাঙ্গিরাই এলাকায় অবস্থিত ‘জুড়ী আধুনিক (প্রাইভেট) হাসপাতালে’ নিয়ে আসেন। হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বিপ্লব কুমার রায় ‘আলট্রাসনোগ্রাম’ করে প্রতিবেদন দেন। এতে উল্লেখ করা হয়, গর্ভস্থ শিশুর ওজন দুই কেজি ৮৮১ গ্রাম। এর পরিপ্রেক্ষিতে প্রসূতিকে ‘অস্ত্রোপচার’ করা হলে একটি ফুটফুটে ছেলেশিশুর জন্ম হয়। পরে মেপে দেখা যায়, নবজাতকের ওজন মাত্র এক কেজি ৬০০ গ্রাম। এ সময় শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্টও হচ্ছিল। হাসপাতালে ছিল না কোনো ‘ইনকিউবেটর’ (কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার ব্যবস্থা)। পরে নবজাতককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত সোমবার রাতে সে মারা যায়।নিহত নবজাতকের চাচা আবদুন নূর (৩৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ডাখতরর দায়িত্বহীনতার কারণে বাইচ্চাটারে বাঁচানি গেল না। আমরা এর বিচার চাই।’ এ ব্যাপারে তাঁরা থানায় একটি লিখিত অভিযোগ দেবেন বলে জানান।মুঠোফোনে যোগাযোগ করলে চিকিৎসক বিপ্লব কুমার রায় বলেন, ‘ভাই, ভুলে বিষয়টি হয়ে গেছে। আমি ছুটিতে আছি। ফিরে দেখা করব।’অস্ত্রোপচারকারী চিকিৎসক আবদুল হাদী প্রথম আলোকে বলেন, ‘গর্ভস্থ শিশুর ওজন দুই কেজির কম হলে অস্ত্রোপচার করার নিয়ম নেই। আলট্রাসনোগ্রামের প্রতিবেদনে শিশুটি পরিণত (দুই কেজির বেশি) বলে উল্লেখ করা হয়। সে কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। জন্মের পর মেপে আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের ভুলের বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া অপরিণত থাকায় শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়।’হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসুক আহমদ ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে জানান, নিহত নবজাতকের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।