বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী জাহিদুল ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে আলীম ও তাঁর সহযোগীদের পরামর্শমতে পাকিস্তানি সেনারা আক্কেলপুর স্টেশন থেকে ১০ জন বন্দীকে ট্রেনে তুলে নিয়ে যায়।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জাহিদুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে জাহিদুল ইসলাম বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে। একাত্তর সালে তাঁর বয়স ছিল ১৫ বা ১৬ বছর। গণহত্যা, অগ্নিসংযোগ শুরু হলে ৭ অথবা ৮ মে তিনি ছমির মণ্ডল, এবাদত হোসেন, আবদুল কুদ্দুস, সালাম, আজিজ, রাবেয়া বেগমসহ ১৪ জন ভারতের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তাঁরা নুরপুর গ্রামে পৌঁছালে গুলি ও বোমার শব্দে ছত্রভঙ্গ হয়ে যান। তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এক পর্যায়ে চিৎকার শুনে ওই বাড়ির লোকজন পাশের সৈয়দ আলীর বাড়িতে যান। ফিরে এসে তাঁরা জানান, তাঁর ১৩ জন সঙ্গী ওই বাড়িতে আটক আছেন। ভোররাতে তিনি কাউকে না বলে গ্রামে ফেরেন। ছমির মণ্ডলের ভাই রহিমুদ্দিনকে তাঁর ভাই ও অন্যদের আটক হওয়ার বিষয়টি জানান। রহিমুদ্দিন সৈয়দ আলীর বাড়ি থেকে ফিরে এসে জানান, রাজাকার কমান্ডার আবদুল আলীম, শান্তি কমিটির সদস্য ও পাকিস্তানি সেনারা ওই বাড়িতে গিয়েছিল। সেনারা সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে যায়। বাকি ১০ জনকে শান্তি কমিটির লোক ও রাজাকাররা আক্কেলপুর রেলস্টেশনের বিশ্রামাগারে নিয়ে আটকে রাখে।জাহিদুল বলেন, কয়েক দিন পর তিনি রেলস্টেশনের বিশ্রামাগারের জানালা দিয়ে ভেতরে আটক সালাম, কুদ্দুস, এবাদতকে দেখেন। এর তিন দিন পর সকাল নয়টার দিকে তিনি স্টেশনে গিয়ে আলীম, আজিম মুন্সি, নূর বকস, মতিউর রহমান ও পাকিস্তানি সেনাদের দেখেন। তাদের পরামর্শমতে সেনারা আটক ১০ জনকে ট্রেনে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে শোনেন, তাঁদের কোকতারার পুকুর পাড়ে নিয়ে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই নয়জন মারা যান ও একজন আহত হন। এ ঘটনার পরে তিনি ভারতে চলে যান। দেশ স্বাধীন হলে ২০ ডিসেম্বর দেশে ফেরেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তিনি শুনেছেন জয়পুরহাটের বিভিন্ন স্থানে আলীম রাজাকার বাহিনীর সদস্যদের পরামর্শ দিতেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন।জবানবন্দি শেষে জাহিদুলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। একটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।