‘আলু আর ডাইলের ওপরে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শাহাবউদ্দিন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় নগরের ব্রহ্মময়ীবাজারে সবজি কিনতে এসেছেন। এ সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রমজান আইলেই জিনিসপত্রের দাম হুট করি বাড়ি (বেড়ে) যায়। মন্ত্রীরা মুখে বলেন—এইবার রমজানে বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। টক শো আর পত্রপত্রিকায় বাজারদর নিয়া খালি রিপোর্ট আর রিপোর্ট। কিন্তু এইগুলো সত্ত্বেও হচ্ছেটা কী? দাম কি একটুও কমে?’তিনি জানান, তিনি প্রতি মাসে ১৯ হাজার টাকা বেতন পান। তা দিয়ে বাসাভাড়া, ছেলেমেয়েদের পড়াশোনা থেকে সংসারের যাবতীয় খরচ মেটাতে হয়। আয়ের তুলনায় ব্যয় সংগতিপূর্ণ না হওয়ায় প্রতি মাসে বন্ধুবান্ধব ও পরিচিতজনদের কাছে ধার করতে হচ্ছে। শাহাবউদ্দিন জানান, গতকাল বাজার করার উদ্দেশ্যে আড়াই হাজার টাকা সঙ্গে করে নিয়ে এসেছেন। কিন্তু রমজান সামনে রেখে গত সপ্তাহের তুলনায় দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় বাজার শেষে তাঁর হাতে মাত্র ১০০ টাকা রয়েছে। তিনি জানান, গতকাল তিনি প্রতি কেজি করলা ৩৮ টাকা, শসা ৪০, টমেটো ৮০, কাঁচা মরিচ ৭০, মসুর ডাল (ছোট) ১২০, বেগুন (চিকন) ২৪ ও পোলট্রি মুরগি ১৬০ টাকা দরে কিনেছেন।আলাপচারিতার একপর্যায়ে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি এগিয়ে আসেন। তাঁর নাম আফতাব আলী জানিয়ে নিজের হাতের সবজি ব্যাগ দেখিয়ে বলেন, ‘গত তিন বছর ধরে এই ব্যাগেই আমি বাজার-সওদা করছি। আগে যে পরিমাণ টাকায় সবজি কিনে এই ব্যাগ ভরে ফেলতে পারতাম, এখন একই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না। অথচ গত তিন বছরে আমার বেতন বেড়েছে মাত্র ৬০০ টাকা।’আফতাব আলী শেষ করার আগেই কথা কেড়ে নেন সবজিবিক্রেতা আনছার মিয়া (৫৭)। তিনি বলেন, ‘বেশ সময় ধইরা আফনারার আলাপ শুনছিলাম। মানুষে খালি আমরারে দোষ দেয়। তারা বলে, আমরা নাকি রমজানের সময় বেশি লাভ করি। এইটা একেবারে মিছা কথা। আমরা যে জায়গা থেকে মাল কিনি, সেই পাইকাররা রমজান আইবার আগেই মালের দাম বাড়াইয়া দেয়। আমরা বেশি দামে কিনি বইলাই তো বেশি দামে বেচি। অন্য সময়ের তুলনায় রমজান মাসে লাভ হয়তো এক-দুই টাকা বেশি হয়।’কথায় কথায় সময় যায়। জটলা একটু বাড়ে। আরও জনা পাঁচেক মানুষ আলাপচারিতায় যোগ দেন। এঁদেরই একজন নগরের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক ইসমাইল হোসেন। তিনি একটু আগে কেনা মাঝারি আকারের একটি রুইমাছ দেখিয়ে বলেন, ‘এই যে মাছটা দেখছেন, এইটার দাম কত, জানেন? এইটার দাম সাড়ে তিন শ টাকা। ভাবা যায়! বলেন আপনারা? বছর তিনেক আগেও এই মাছ এক শ টাকায় খাইছি।’ইসমাইলের কথা শেষ হলে পাশে থাকা এক যুবক তাঁর উদ্দেশে বলেন, ‘তবু তো মাছ কিনে খেতে পারছেন। আমি তো গত এক সপ্তাহ ধরে মাছই কিনতে পারছি না। আলু আর ডাইলের ওপরে আছি।’ একটু নিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘আলুর কেজিও এখন ২৫ টাকা আর ডিমের হালি তো ৪০ টাকা। যাইবেন কই? এখন দেখি লবণ-পানি দিয়া ভাত খাওয়া লাগব।’এবার সবজিবিক্রেতা আনছার মিয়া হাঁক দেন। বলেন, ‘ভাই রে, এই আলাপ চলতে থাকলে আর শেষ হইব না। সব মানুষের একই কষ্ট। আমি যেমন সবজি বিক্রি করি, তেমনি আমারেও তো চাল-ডাইল কিনে খাইতে হয়। দাম যেভাবে লাফাইয়া লাফাইয়া বাড়ে দেশ শেষ পর্যন্ত যে কই গিয়া থামব, তা তো বুঝতাম পারতাছি না। এর চেয়ে এই আলাপ বাদ দেন।’ আনছার মিয়ার কথায় ক্রেতারা ধীরে ধীরে নিজেদের গন্তব্যে রওনা দেন। ফিরতি পথে এই প্রতিবেদক পা এগোতেই এক মধ্যবয়স্ক লোক সঙ্গী হন। তিনি বলেন, ‘ভাই, আপনারে আমি চিনি। ভালো কইরা পত্রিকায় লেইখেন। মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্যের ঠেলায় জীবন আর চলতাছে না।’