‘আলু নাগেয়া এবার মাডার হয়া গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার পরামানিকপাড়া গ্রামের আলুচাষি জিয়ারুল হক (৩২) এবার ১০ একর জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছিলেন। খরচ সামলাতে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বাম্পার ফলন হওয়ায় তাঁর চোখেমুখে ফোটে আনন্দের ঝিলিক। আলু পেয়েছেন একরপ্রতি প্রায় ১০০ বস্তা। কিন্তু আলুর বাজারে ধস নামায় তিনি পড়েছেন মুশকিলে। বর্তমানে তারাগঞ্জের পাইকারি বাজারে প্রতি মণ আলু ১২০ টাকায় বিক্রি হচ্ছে।জিয়ারুল হক আরও জানান, ওই আলু চাষে একরপ্রতি তাঁর খরচ হয়েছে ৭২ হাজার টাকা। কিন্তু প্রাপ্ত ১০০ বস্তা আলুর দাম বর্তমান বাজারে মাত্র ৩০ হাজার টাকা। তিনি আক্ষেপ করে বলেন, ‘আলু নাগেয়া (লাগিয়ে) হামরা এবার মাডার হয়া গেছি। কোলস্টোরেজে আলু থোয়ার স্লিপও পাওয়া যাওচে না। বাজারোত কম দামে বেচে দেওয়া ছাড়া উপায় নাই।’শুধু জিয়ারুলই নন, এবার আলু চাষ করে এমন সমস্যায় পড়েছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাজারো আলুচাষি। বদরগঞ্জ উপজেলার ওসমানপুর খিয়ারপাড়া গ্রামের হাছেন আলী (৪০) বলেন, ‘৭৫ শতক জমিত নাগে আলু পাচি ৭৬ বস্তা। নেজে খাটচি, তাও খরচ হইচে ৫০ হাজার টাকা। সেই আলু স্টোরোত থুবার যায়া শুনি নেওচে না। বাইদ্যো হয়া সউগ বেচে দিচু ১৯ হাজার ২০০ টাকায়। ক্ষতি হইচে ৩০ হাজার টাকা।’উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় আলুর এবার বাম্পার ফলন হয়েছে। এখনো সব আলু জমি থেকে ওঠানো সম্ভব হয়নি। এখনই বাজারের যে নিম্নগামী অবস্থা তাতে ভবিষ্যতে আলুর বাজার আরও কমবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।’