'আলুতে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজারো চাষি এবার আগাম আলুর চাষ করেছেন। কিন্তু বিক্রি করতে পারেননি। এতে বেশির ভাগ চাষিই পুঁজি তুলতে পারেননি।
উপজেলার আকাশিল, জগথা, ভাকুড়া, সাটিয়া, বিশমাইল, ভামদা, দৌলতপুর, চাপোড়সহ বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও তাঁরা আশ্বিনের শেষ দুই সপ্তাহে আগাম গ্রানুলা জাতের আলু রোপণ করেন। সাধারণত রোপণের ৬০-৬৫ দিনের মাথায় এই আলু বিক্রি শুরু হয়। এ সময় আলুর চাহিদা বেশি থাকে। তাই খুলনা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে ট্রাক বোঝাই করে আলু কিনে নিয়ে যান। চাষিরাও হাতে কাঁচা টাকা পেয়ে আলু তুলে গম, ভুট্টা ও বোরোর চাষ করেন। কিন্তু এবার হরতাল-অবরোধের কারণে চাষিদের সব পরিকল্পনা ভেস্তে যায়। হরতাল-অবরোধসহ বিভিন্ন কারণে পাইকার ও ব্যবসায়ীরা না আসায় ক্রেতাসংকট দেখা দেয়। গ্রানুলা জাতের আলুর বয়স ১১৫ থেকে ১৩০ দিন পার হয়ে যায়। খেতেই আলু নষ্ট হতে থাকে। এরই মধ্যে মধ্যবর্তী সময়ের ডায়মন্ড, রোমানা, কারেস ইত্যাদি জাতের আলু উঠে বাজার সয়লাব হয়ে গেছে। কেউ আর গ্রানুলা জাতের আলু কেনে না।
সরেজমিনে দেখা গেছে, অনেক চাষির খেতে এখনো গ্রানুলা জাতের আলু পড়ে আছে। সেনুয়া গ্রামের মোজাম্মেলের এক বিঘা, ডাঙ্গীপাড়া গ্রামের হাকিম উদ্দীনের দেড় বিঘা, সিরাজুল ইসলামের ছয় বিঘা, চাপোড় গ্রামের আনোয়ারুলের এক বিঘা, ভামদা গ্রামের ললিত চন্দ্র রায়ের এক বিঘা এবং বিশমাইল, নারায়ণপুর, মসলন্দপুর, মল্লিকপুর, ভাকুড়াসহ বিভিন্ন গ্রামের শত শত চাষির আলু খেতে নষ্ট হচ্ছে। একাধিক চাষি বলেন, দাম না পাওয়ায় তাঁদের পুঁজি শেষ হয়ে গেছে। মজুরির খরচ পর্যন্ত ওঠেনি। ভাকুড়া গ্রামের আলুচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আলুতে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। হাতে টাকা নেই। ধান, গম, ভুট্টার খেতে সেচ, সার, কীটনাশক প্রয়োগ করব, এর টাকা জোগাড় করা মুশকিল হয়ে গেছে।’
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আলুর দাম না পেয়ে চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।