'আলো পাইলাম, তোমায় পাইলাম'

‘মাগো আমার, কোন দ্যাশে ছিলা? তুমি মা জননী, জগৎ তরণী। আলো পাইলাম। তোমায় পাইলাম।’ নিজের বাঁধা এই গান শুনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করেছেন কুড়িগ্রামের সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বৃদ্ধা করফুল বেওয়া (৯৫)। গান শুনে খুশি হয়ে তাঁকে বুকে জড়িয়ে ধরেন শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার সকালে দাসিয়ারছড়ায় বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মঞ্চে উঠে ২৫ মিনিট বক্তব্য দেন। নেমে আসার সময় দাসিয়ারছড়াবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় করফুল বেওয়া প্রধানমন্ত্রীকে বলেন, ‘মাগো, হামরা বিদ্যুৎ পায়া খুব খুশি। ছিটের মানুষ সারা জীবন আন্দারোত আছিল। রাইতোত কুপি জ্বালাই। তোমরায় হামাক বাতি দিলেন। মাগো খুব খুশি হইছি। খুশিতে একনা গান বানাছো।’ এরপর প্রধানমন্ত্রীকে গানটি শোনান করফুল বেওয়া।
করফুল বেওয়ার স্বামী মৃত সেকেন্দার আলী। বাড়ি দাসিয়ারছড়ার ৫ নম্বর ওয়ার্ডের হাবিবপুরে। তাঁর এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়েছে।
প্রধানমন্ত্রী বুকে টেনে নিয়ে আদর করায় কেমন লাগল জানতে চাইলে করফুল বেওয়া প্রথম আলোকে বলেন, ‘মনে হয় মায়ের বুকে মাথা দিয়া আছি। মা জন্ম দিয়া দুনিয়ার আলো দেখাইছে। শেখ হাসিনা আলো দিয়া আন্ধার দূর করছে।’
প্রধানমন্ত্রীর কাছে কিছু চেয়েছেন কিনা জানতে চাইলে করফুল বলেন, ‘হামরা গরিব মানুষ। তার কাছে কী চামো।’