আলোকিত মানুষ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশ শিক্ষা, কৃষি, ব্যবসা, শিল্প-সাহিত্য—সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ২০ বছর পর বাংলাদেশ একটি উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই।
সুনামগঞ্জের দিরাই উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘শতাব্দীর শিক্ষা ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল সোমবার। দুপুরে পৌর শহরের বিএডিসি মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়।
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, সাংবাদিক আনিসুল হক। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উৎসব উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা, স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। এ ছাড়া বক্তব্য দেন সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, আয়োজক কমিটির আহ্বায়ক আলতাব উদ্দিন প্রমুখ।
আনিসুল হক বলেন, ‘২০ বছর পর বাংলাদেশ অবশ্যই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আলোকিত মানুষ চাই, বড় মানুষ চাই। এর জন্য দরকার শিক্ষা। শিক্ষার্থীদের মন দিয়ে নিজের কাজটি করতে হবে।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভাটি অঞ্চলের সামগ্রিক শিক্ষার মৌলিক ও মূল্যবোধের পরিবর্তনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে।