‘আলোকিত মানুষ হতে বই পড়ার বিকল্প নেই’
চট্টগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে বই পড়ার কোনো বিকল্প নেই। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এ উৎসবে বইপড়া কর্মসূচিতে কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রামের সমন্বয়কারী আবদুল আলীম। শুভেচ্ছা বক্তব্য দেন শিশুসাহিত্যিক আলী ইমাম, কথাসাহিত্যিক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস, বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক পরিচালক নজরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা সমন্বয়কারী সুমী খান প্রমুখ। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বর্তমান পরিচালক হুমায়ূন কবির। এতে ৭০টি স্কুলের দুই হাজার ৩১৭ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।