‘ধর্মান্ধতার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে তরুণসমাজকে। আলোর পথের দিশারি হতে হবে তরুণদের। বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে মানবতার জয়গান।’ প্রতীকী জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে চার দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রতিপাদ্য ‘সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে দীক্ষিত তরুণ সমাজ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয়বারের মতো প্রতীকী জাতিসংঘ অধিবেশন বসেছে। এতে বাংলাদেশ, থাইল্যান্ড নেপাল, ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ৪০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মোক্তাকিনের সভাপতিত্বে এবং মিম মালিহার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মনির উদ্দিন, চট্টগ্রাম মহানগর মানবাধিকার কমিশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, জাতিসংঘ যুব ও তরুণ সংস্থা বাংলাদেশ শাখার সভাপতি মো. মামুন মিয়া, সংগঠনটির মহাসচিব আমজাদ হোসেন প্রমুখ।