‘আল্লাহ তাদের বিচার করো’
‘আল্লাহ, আমার স্বামীকে যারা মেরেছে, তাদের বিচার করো। কোনো মুসলমান এভাবে একজন মানুষকে মারতে পারে না। আমি জামায়াত-শিবিরের বিচার চাই’ বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বুকফাটা এ আর্তনাদ গাইবান্ধায় জামায়াত-শিবিরের হামলায় নিহত পুলিশ সদস্য হজরত আলীর (৩০) স্ত্রী লায়লা বেগমের (২৫)।গত শুক্রবার পুলিশ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গ্রামে হজরত আলীর লাশ নিয়ে পৌঁছালে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। রাতে সেখানে তাঁর জানাজা হয়। লাশ দেখে মা রাবেয়া বেগম ও স্ত্রী লায়লা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। একমাত্র সন্তান ইফতে খাইরুজ্জামান (৫) বাবার লাশ ধরে টানছে আর চিৎকার করে বলছে, ‘বাবা ওঠো।’ পরক্ষণেই সে বলছে, ‘তোমাকে যারা মারছে তাদের ফাঁসি চাই।’পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালিয়ে হজরত আলীকে পিটিয়ে হত্যা করেন। তিনি কিশামত গ্রামের মৃত আবু শামার ছেলে। আট বছর আগে তিনি পুলিশে যোগ দেন। তাঁর আকস্মিক মৃত্যু আত্মীয়স্বজন মেনে নিতে পারছে না।