'আল্লাহর অশেষ রহমত, কাবাঘর দেখলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন করতে এসে হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে জিলহজ মাসের ৭ থেকে ১২ তারিখ ভরা থাকে আনুষ্ঠানিকতায়। আর আছে মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করা। তবে এটা হজের অংশ নয়। বাকি দিনগুলো ইবাদত বন্দেগি আর স্বাভাবিক জীবনযাপনে কাটে হজ পালনকারীদের। 
বাংলাদেশ থেকে এবার ৯৮ হাজারের বেশি মুসলমান পবিত্র হজ পালন করবেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসা এই হজযাত্রীরা বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকছেন। গতকাল রোববার মক্কার হিজরা রোড এলাকায় এমনই একটি বাড়িতে গেলাম। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা কেমন আছেন তা দেখার জন্য। মিসফালাহ ব্রিজের কাছে একটা ভবন। সিঁড়ি ও লিফট দুটোই আছে।
এটা ৩ নম্বর সরকারি ভবন নামে পরিচিত। ৩৮৫ জন থাকার তাসরিয়া আছে। একটি বাড়িতে কতজন হাজি বসবাস করতে পারবেন, তার ছাড়পত্রকে বলে তাসরিয়া। ভবনে ঢুকেই দেখা গেল টেলিভিশনে বাংলাদেশের একটি চ্যানেলের খবর হচ্ছে। স্থানীয় সময় বেলা ১১টা। আগ্রহী কয়েকজন টিভির সামনে। দেশের খোঁজখবরে বেশ মনোযোগ।
৩০১ নম্বর ঘরে ঢুকলাম। মাঝারি মাপের প্রতি ঘরে চারজন করে থাকার ব্যবস্থা। ফ্যান ঘুরছে, এসিও চলছে। প্রতি ৪৫ জন হজযাত্রীর দেখভাল করার জন্য রয়েছেন একজন করে গাইড।
ঢাকার কলাবাগান থেকে আগত ফরিদা জামান কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিচয় হলো। দ্রুত কাজ শেষ করলেন। আলাপের শুরুতেই বললেন, ‘আল্লাহর অশেষ রহমত, কাবাঘর দেখলাম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাবাঘরে পড়ছি। জীবনের পরম পাওয়া বলতে পারেন।’
এই ঘরে আরও থাকেন ফরিদা জামানের ছোট বোন কামরুন নাহার, সুফিয়া খাতুন, সামসুন নাহার। সবাই ঢাকা মহানগরের বাসিন্দা।
এই প্রতিবেদককে পেয়ে কিছু খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। বাংলার চিরাচরিত অতিথি আপ্যায়ন। ভবনের সবাই লিফটে ওঠানামা করেন। পাশাপাশি দুটো লিফট। লিফটের ধারণক্ষমতা চারজন। তাঁদের সঙ্গে আসা পুরুষেরা থাকেন একই তলার বিভিন্ন ঘরে।
কামরুন নাহার বললেন, ‘আবহাওয়াটা বেশ গরম।’ তবে তাঁরা এ নিয়ে তেমন ভাবেন না। এই কক্ষের সবাই ইতিমধ্যে হাজরে আসওয়াদে চুমু খেয়েছেন, প্রতিদিন জমজমের পানি খাচ্ছেন তাঁরা। আশপাশের সবাই বাংলাদেশি। বাংলায় কথা বলেন। তাই বিদেশ বলে মনে হচ্ছে না।
ফরিদা জামান বললেন, ‘সরকারি ব্যবস্থাপনার কথা তেমন প্রচার হয় না। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় এসে বাড়ি ভাড়ার অবশিষ্ট টাকা আমাদের ফেরত দিয়েছে। এটা বেসরকারি ব্যবস্থাপনায় হয় না।’
কথা বলতে বলতে জোহরের আজান হলো। ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। এই দেশে আজান হওয়ার পরপর জামাতে নামাজ শুরু হয়ে যায়। একসঙ্গে মসজিদুল হারামে নামাজ আদায় করতে গেলাম। রাস্তায় বের হয়ে ছাতাটা খুলতে হলো। প্রচণ্ড গরম, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এই হজযাত্রীরা জানালেন, তাঁদের দিন শুরু হয় ভোর সাড়ে চারটায়। অজু করেই ছোটেন মসজিদুল হারামের উদ্দেশে। সেখানে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে চোখ মেলে তাকিয়ে থাকেন কাবাঘরের দিকে। সকাল-বিকেল সব সময় চলছে তাওয়াফ। ভিড় একটু কম থাকলে ৩০১ নম্বর কক্ষের এই বাসিন্দারাও তাওয়াফ করেন। কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ করার পর দুই রাকাত নামাজ আদায় করেন।
মক্কায় প্রথম দিন এসেই অন্যদের মতো তাঁরা ওমরাহ করেছেন। অনেকে এখন বাবা, মা ও প্রিয়জনের নামে ওমরাহ করতে চান। ওমরাহর নিয়ত করলে তাওয়াফের পর সায়ী করতে হয়। অর্থাৎ সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান সাতবার প্রদক্ষিণ করতে হয়। যাঁরা কুলিয়ে ওঠেন না, তাঁরা শুধু তাওয়াফই করেন। তারপর দলবেঁধে বাসায় ফেরা। হেঁটে আসতে ১০-১২ মিনিট সময় লাগে।
হাজিদের খাবার বাইরে থেকে রান্না করে আনতে হয়। বাড়িতে রান্না করলে অসাবধানে আগুন ধরে যেতে পারে, এ জন্য কর্তৃপক্ষ রান্না করার অনুমতি দেয় না।
এই বাড়ির হজযাত্রীরা জানান, নাশতা খেয়ে অনেকে একটু ঘুমিয়ে নেন। কাপড়চোপড় ধোয়ার থাকলে একটু আগে ওঠেন। গোসল সেরে জোহরের নামাজ পড়তে ছোটেন কাবা শরিফে। জোহরের নামাজ আদায় করে বাসায় ফিরে দুপুরের খাবার খান। দুপুরের খাবার খেয়ে কখনো বিছানায় একটু গড়াগড়ি। কারণ, বেলা তিনটা থেকে আসরের নামাজের প্রস্তুতি নিতে হয়। আসরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে একেবারে এশার নামাজ পড়ে বাসায় ফেরেন তাঁরা।
নামাজ ও তাওয়াফ শেষে বাড়ি ফিরে সবাই একসঙ্গে খাবার খান। তারপর ক্লান্ত শরীর বিছানার দিকে ছোটে। এর আগে মোবাইল ফোনে অ্যালার্ম দিতে ভুল করেন না কেউই। কারণ, ফজরের নামাজের জন্য উঠতে হবে।
জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৮১৬ জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৪১৮ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন।