‘আল্লাহর দল’-এর প্রধানসহ চারজনের ২০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর প্রধান মতিন মেহেদী ও তাঁর তিন সহযোগীকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের মামলার রায়ে কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী হায়দার গত সোমবার এ সাজা ঘোষণা করেন।সাজা পাওয়া অন্য তিনজন হলেন আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও জোবেদ আলী। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে মতিন মেহেদী ও তাঁর সহযোগী জোবায়েদ আলী, মনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে ২১ এপ্রিল ২০০৭ সালে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি ও ৫১ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত গত সোমবার তাঁদের কারাদণ্ডের আদেশ দেন।আদালতকক্ষ থেকে কারাগারে নেওয়ার পথে মতিন মেহেদী, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও জোবেদ আলী নিজেদের নির্দোষ দাবি করে বলেন, এ রায়ের মাধ্যমে তাঁদের প্রতি অবিচার করা হয়েছে।অতিরিক্ত পি পি আবদুর রাজ্জাক বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জঙ্গিরা নিরুৎসাহিত হবে।