'আল্লাহর দল'-এর সদস্য রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের মহদিপুর গ্রাম থেকে আজ বৃহস্পতিবার ভোরে মান্না মিয়া ওরফে ইমাম বিপুল (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মান্না জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার মান্না মিয়া পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

পলাশবাড়ী থানার পুলিশ সূত্র জানায়, মান্না মিয়া ‘আল্লাহর দল’–এর রংপুর অঞ্চলের ইমাম। আজ ভোর সাড়ে চারটার দিকে দলের সদস্যদের নিয়ে নাশকতার উদ্দেশ্যে মহদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাঁর কাছে একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগে কিছু জিহাদি বই ও হাতে লেখা সাংগঠনিক তথ্য এবং সারা দেশে সংগঠনের ৪০ থেকে ৪৫ জনের নামের তালিকা পাওয়া গেছে। কিন্তু তালিকায় কোনো ঠিকানা লেখা ছিল না। এ নিয়ে মান্না মিয়া ওরফে ইমাম বিপুলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত ছয় দিন মঞ্জুর করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।