'আল্লাহর নাম নিয়ে সেতুতে উঠি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠের তৈরি সেতু দিয়ে মনিরামপুরের হরিহর নদ পার হচ্ছেন কয়েকজন। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l এহসান-উদ-দৌলা
কাঠের তৈরি সেতু দিয়ে মনিরামপুরের হরিহর নদ পার হচ্ছেন কয়েকজন। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l এহসান-উদ-দৌলা

দুই পাড়ে দুই গ্রাম। মাঝখানে প্রায় দেড় শ ফুট প্রশস্ত এক নদ। তার ওপর দাঁড়িয়ে আছে একটি কাঠের সেতু। কাঠ খসে গিয়ে জরাজীর্ণ হয়ে পড়া এ সেতু পার হতে গিয়ে হতাহত হচ্ছে লোকজন। তাই এলাকাবাসী এর নাম দিয়েছে ‘মানুষখেকো’ সেতু।

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে হরিহর নদের ওপর সেতুটির অবস্থান। নদের এক পাড়ে নাগরঘোপ, অপর পাড়ে
মুজগুন্নী গ্রাম।

‘সেতুতে ওঠার আগে একটু থামি। তারপর আল্লাহর নাম নিয়ে সেতুতে উঠি। ভয়ে বুক কাঁপতে থাকে। শঙ্কা হয়, ওপারে পৌঁছাতে পারব তো?’ বলছিলেন মাদ্রাসাশিক্ষক আবুল বাশার (৪৫)। তাঁকে দিনে অন্তত দুবার এ সেতু দিয়ে মোটরসাইকেলে চড়ে যাতায়াত করতে হয়।

নাগরঘোপ ও মুজগুন্নী গ্রামের কয়েকজন জানান, এলাকার সমাজসেবক গোলাম আলী ফকিরের উদ্যোগে বাংলা ১৩৫০ সনের দিকে হরিহর নদের ওপর কংক্রিটের সেতু নির্মাণ করেন। এটি ফকির সেতু নামে পরিচিত। মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন ও কেশবপুর উপজেলার পাঁজিয়া, কেশবপুর সদর ও ভেরচি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ সেতু দিয়ে মনিরামপুর সদর ও যশোর জেলা সদরে যাতায়াত করে।

এলাকাবাসী জানান, ১৯৯৬ সালে সেতুতে ভাঙন শুরু হয়। ২০০৬ সালে সেটি পুরোপুরি নদে ধসে পড়ে। এরপর কলাগাছের ভেলা ও বাঁশের তৈরি একটি সাঁকোই ছিল এলাকাবাসীর ভরসা। ২০১৪ সালে উপজেলা পরিষদের উদ্যোগে সেখানে কাঠের সেতু তৈরি করা হয়। কিন্তু সেটিও এখন বেহাল। মাঝেমধ্যে একেকটা অংশ খসে পড়ছে। এলাকাবাসী তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এর মধ্যে রয়েছে এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী। নদ পার হতে গিয়ে ভাঙা সেতু থেকে পড়ে গত ১০ বছরে মারা গেছে অন্তত তিনজন। আহত হয়েছে ৫০ জনের বেশি। কয়েকজন পঙ্গু হয়ে গেছে।

কাঠের সেতুটি পার হওয়ার সময় কেউ নদে পড়ে গেলে সাধারণত যিনি প্রথমে ছুটে আসেন, তিনি আনোয়ারা বেগম (৪০)। নদের পশ্চিম পাশে নাগরঘোপ গ্রামে সেতু ঘেঁষে তাঁর বাড়ি। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে এই নারী বললেন, ‘প্রতি মাসেই কেউ না কেউ নদে পড়ে। বেশি পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা ছুটে এসে তাদের টেনে তুলি। মাথায় তেল-পানি দিই। কিছুটা সুস্থ হলে বাড়ি পাঠিয়ে দিই। অবস্থা খারাপ হলে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তাঁরা এসে হাসপাতালে নিয়ে যায়।’

গত ৩০ জুলাই সরেজমিনে দেখা যায়, পুরোনো কংক্রিটের সেতুর লোহার রড খানিকটা বেরিয়ে আছে। সেই ভাঙা সেতুর সঙ্গে তৈরি করা হয়েছে কাঠের সেতু। ছোট গাছ কেটে নদের মধ্যে পুঁতে দিয়ে তৈরি করা হয়েছে খুঁটি। তার ওপর কাঠের তক্তা বিছানো। বাইসাইকেলে করে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী তামিম হাসান। সে বলে, ‘খুব ভয় হয়। মনে হয়, এই বুঝি সেতুটি ভেঙে নদে পড়ে গেলাম।’

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, তাঁরা মাঝেমধ্যে মেরামত করে কাঠের সেতুটি মানুষ চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেশ কয়েকবার সেতুটি দেখে গেছেন। তবে আজ পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মনিরামপুর উপজেলা প্রকৌশলী মো. জহির মেহেদী হাসান বলেন, হরিহর নদের ওপর ১৫০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণের বিষয়টি দুটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেকোনো একটি প্রকল্প থেকে সেতুটি নির্মাণ করা হবে।

মনিরামপুরের ইউএনও কামরুল হাসান বলেন, ‘ওই স্থানে সেতু নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে একটি প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তদবিরও করা হচ্ছে। আমি আশা করছি, চলতি অর্থবছরেই সেতুর নির্মাণকাজ শুরু হবে।’