'আশরাফুজ্জামানের ঘর থেকে জল্লাদের ডায়েরি উদ্ধার হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী আলী সাজ্জাদ (৫৫)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তাঁদের নাখালপাড়ার বাসায় আশরাফুজ্জামান থাকতেন। ওই বাসা থেকেই আশরাফুজ্জামানের ‘জল্লাদের ডায়েরি’ উদ্ধার করা হয়েছিল।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলী সাজ্জাদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরে তাঁরা পরিবার নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তাঁদের বাড়িতে টিনের বেড়া দেওয়া নয়টি ছোট ছোট ঘর ছিল, যেগুলো তাঁরা ভাড়া দিতেন। এরই একটি ঘরে আশরাফুজ্জামান খানের বড় ভাই রওশন আলী খান পরিবার নিয়ে থাকতেন। এ সময় আশরাফুজ্জামান তাঁর বড় ভাইয়ের বাসায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। একাত্তরের ফেব্রুয়ারিতে তাঁরা ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে গেলে যুদ্ধ শুরু হয়। জুন বা জুলাই মাসে তাঁরা গ্রাম থেকে ফিরে দেখেন, একটি ঘর বাদে সব ঘরে তালা দেওয়া। যে ঘরে তালা দেওয়া নেই সেই ঘরটি আশরাফুজ্জামনের বড় ভাইয়ের। কিন্তু আশরাফুজ্জামানের বড় ভাই ওই সময় ঘরটিতে ছিলেন না। এ সময় আশরাফুজ্জামান ঘরে কিছু বন্ধুদের নিয়ে থাকতেন।
আলী সাজ্জাদ আরও বলেন, দেশ স্বাধীনের ছয়-সাত দিন পর পুলিশ তাঁদের বসায় আশরাফুজ্জামানের খোঁজে আসে। ওই সময় আশরাফুজ্জামান ঘরে ছিলেন না, কিন্তু তাঁর ঘর তালা দেওয়া ছিল। পরে পুলিশ তাঁর বাবার অনুমতি নিয়ে তালা ভাঙে। এ সময় ঘর থেকে আশরাফুজ্জামানের লেখা একটি ডায়েরি উদ্ধার করা হয়, যেখানে বুদ্ধিজীবীদের নামের তালিকা ছিল। পরে পত্রিকায় ওই ডায়েরি নিয়ে প্রতিবেদন ছাপা হলে তাঁকে তাঁর বাবা ওই ডায়েরি দেখান।
জবানবন্দি শেষে আলী সাজ্জাদকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। তিনি মত (সাজেশন) দেন, আপনাদের বাসায় আশরাফুজ্জামান খান থাকতেন না, আপনি তাঁকে দেখেননি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।