'আশরাফের ঘর থেকে জল্লাদের ডায়েরি উদ্ধার হয়'
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী আলী সাজ্জাদ। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তাঁদের নাখালপাড়ার বাড়ির যে ঘরে আশরাফুজ্জামান থাকতেন, সেখান থেকে তাঁর ‘জল্লাদের ডায়েরি’ উদ্ধার করা হয়।
বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলামের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলী সাজ্জাদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে আলী সাজ্জাদ (৫৫) বলেন, একাত্তরে তাঁরা সপরিবারে পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তাঁদের ওই বাড়িতে টিনের বেড়ার নয়টি ছোট ঘর ভাড়া দেওয়া হয়েছিল। এসব ঘরের একটিতে সপরিবারে থাকতেন আশরাফুজ্জামান খানের বড় ভাই রওশন আলী খান। রওশনের বাসায় থেকে আশরাফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। একাত্তরের ফেব্রুয়ারিতে তাঁরা ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে যান। যুদ্ধ শুরু হয়। জুন বা জুলাই মাসে তাঁরা ঢাকায় ফিরে দেখেন, রওশনের ঘর ছাড়া বাকি সব ঘরে তালা। রওশন ঘরে ছিলেন না, সে সময় আশরাফুজ্জামান কিছু বন্ধুকে নিয়ে থাকতেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, দেশ স্বাধীন হওয়ার ছয়-সাত দিন পর পুলিশ আশরাফুজ্জামানের খোঁজে তাঁদের বাড়িতে আসে। ওই সময় আশরাফুজ্জামান ঘরে ছিলেন না, ঘর তালাবদ্ধ ছিল। পরে পুলিশ তাঁর বাবার অনুমতি নিয়ে তালা ভাঙে, ঘর থেকে আশরাফুজ্জামানের লেখা একটি ডায়েরি উদ্ধার করা হয়। ডায়েরিতে বুদ্ধিজীবীদের নামের তালিকা ছিল। পরে পত্রিকায় ওই ডায়েরি নিয়ে প্রতিবেদন ছাপা হলে তাঁকে তাঁর বাবা ডায়েরিটি দেখান।
জবানবন্দি শেষে সাজ্জাদকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। তিনি মত (সাজেশন) দেন, আপনাদের বাসায় আশরাফুজ্জামান খান থাকতেন না, আপনি তাঁকে দেখেননি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।