‘আশুলিয়ায় শ্রমিকের মৃত্যু গণহত্যার শামিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে গণহত্যার শামিল বলে আখ্যা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কারখানার মালিকের বিচারসহ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়।‘লেখক-শিল্পী-শিক্ষক-সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী এবং নাগরিকবৃন্দ’-এর ব্যানারে গতকাল রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান। সভায় পথনাটক প্রদর্শন করে প্রাচ্যনাট এবং গান পরিবেশন করেন কফিল আহমেদ। সমাবেশে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশে গরিব-মেহনতি মানুষ লাগাতারভাবে নিহত হয় আমাদেরই শাসক-ব্যবসায়ীদের হাতে।’ তিনি প্রশ্ন করেন, ‘আমাদের সরকার ও বিরোধী দল কি জনগণের শত্রু?’আনু মুহাম্মদ বলেন, ‘এ পর্যন্ত কোনো আগুনে পুড়ে হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। কারোরই কোনো দিন শাস্তি হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্যেও আমরা সেই দায়মুক্তির আলামতই দেখতে পাই।’সভাপতির বক্তব্যে আহমেদ কামাল বলেন, ‘গত দশ বছরে তৈরি পোশাক কারখানায় অনেক অগ্নিকাণ্ড ঘটেছে। অথচ শ্রমিকের সঙ্গে আমাদের চৈতন্যের সেতু রচনা হয়নি।’