সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১১ জানুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ হয়। সংঘর্ষে শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছিলেন। ক্যাম্পাসসহ আবাসিক হলে শিবিরের নেতা-কর্মীদের সহাবস্থান ও প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় অচল করার হুমকি দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল ইসলামী ছাত্রশিবির। ধর্মঘট ডেকেও বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলছিল, তখন ২৭ দিনের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘আশ্বাস’ পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিল শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গত শনিবার রাতে একটি বৈঠক হয় এবং এতে প্রশাসনের ‘আশ্বাস’ পেয়েই গতকাল সোমবার থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে তারা। ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের পর ওই দিন বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর জের ধরে রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হন। ওই রাতে শিবির হল ছাড়া হয়। এ ঘটনার পর শিবির বিশ্ববিদ্যালয় অচল করার হুমকি দিয়ে ১৫ জানুয়ারি থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে।ধর্মঘট উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করলে ১৬ জানুয়ারি থেকে চোরাগোপ্তা হামলা শুরু করে শিবির। ওই দিন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বদরুল আলমকে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ডান পায়ের রগ কেটে দেয়। বদরুল বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং পঙ্গু হওয়ার পথে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।ধর্মঘট চলাকালে শিবির দফায় দফায় শিক্ষার্থী পরিবহনের বাসে চোরাগোপ্তা হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনসহসহ পাঁচ শিক্ষার্থী আহত হন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তাদের পরিবহন বাসে ইটপাটকেল নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস ভাঙচুর ও বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীকে আহত করে শিবিরের ক্যাডাররা। এসব ঘটনায় ছাত্রলীগ, শিক্ষার্থী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন মেসবাড়িতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৬০ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতির কারণে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে। শিবির ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনই ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা চালু করার পক্ষে মত দেয়। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ছাত্রশিবিরের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কমিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে আলোচনায় বসে। সভা শেষে শনিবার রাত সাড়ে ১২টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় শিবির। মুঠোফোনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘শিবিরের দাবিগুলোর ব্যাপারে কোনো আপত্তি না করায় এবং পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’ তবে দাবিগুলো কী—এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মোজাম্মেল। কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম, শিবিরের যে সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নেই, সেই সকল নেতা-কর্মীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে প্রশাসন। এ অনুযায়ী শিবিরের ওই প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। ক্লাস-পরীক্ষা চলাকালীন শিবির নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে। এ আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়।’