'আসছি' বলে পাঁচ দিনেও ফেরেনি রূপন
সিলেট অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থী রূপন দেবনাথ (২৪) পাঁচ দিন ধরে নিখোঁজ। শহরের বাগবাড়ি এলাকায় বাড়ি ভাড়া করে বন্ধুদের সঙ্গে (মেসে) থাকতেন তিনি। ২৫ আগস্ট সন্ধ্যায় মোগলাবাজার যাবেন বলে মেস থেকে বের হয়েছিলেন। কিন্তু ওই রাতে আর ফেরেননি তিনি। এ ঘটনায় রূপনের বড় ভাই রাজন দেবনাথ সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই মেসের সদস্য রূপনের বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দীপ দেব জানান, রূপন মোগলাবাজার যাওয়ার কথা বলে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন। কখন ফিরবেন, এমন প্রশ্ন করা হলেও তাঁর উত্তর ছিল, ‘আসছি।’ এরপর তাঁর অার কোনো খোঁজ নেই।
সন্দীপ জানান, সেদিন রাতে মেসে না ফেরায় পরদিন মৌলভীবাজারে তাঁর গ্রামের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু পরিবার থেকে জানানো হয় রূপন বাড়িতে যাননি।
সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির জানান, রূপনের খোঁজে বিভিন্ন থানায় এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
রূপনের বড় ভাই রাজন দেবনাথ বলেন, এটিআইয়ের শেষ বর্ষের ছাত্র রূপন। শিক্ষাপ্রতিষ্ঠান আর মেস ছাড়া তাঁর যাতায়াত ছিল না।