‘আসল চাষি-নকল চাষি’ জটিলতায় চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ ভবনে চার দিন ধরে চরম উত্তেজনা চলছে। বীজ সিন্ডিকেটের ভেতরে-বাইরের দুটি পক্ষের চাপে সংকটময় পরিস্থিতিতে সংস্থার তিনটি বিভাগ বোরো ধানের বীজ বিতরণ করতে পারছে না।
বিভাগ তিনটি হলো কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন; ধান, গম ও ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র (সাবেক অধিক বীজ) এবং আপত্কালীন মজুত কর্মসূচি।
এতে চলতি মৌসুমে জেলায় ১০ হাজার একরেরও বেশি জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ চাষিরা এ জন্য বিএডিসির কর্মকর্তাদের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি-স্বজনপ্রীতি ও বীজ ভবন নিয়ন্ত্রণকারী রাজনৈতিক মদদপুষ্ট দুটি সিন্ডিকেটকে দায়ী করেছেন। কর্মকর্তাদের দাবি, তাঁরা নানামুখী চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছুই করে থাকেন। তবে ভবিষ্যতে বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন।
বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন এবং ধান, গম, ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়নকেন্দ্র তাদের চুক্তিবদ্ধ চাষিদের মধ্যে গত ২৭ নভেম্বর সোমবার বীজ বিতরণের দিন নির্ধারণ করে। চুক্তিবদ্ধ চাষিরা নির্ধারিত দিনে বীজ সংগ্রহের জন্য বীজ ভবনে আসেন। কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের কর্মকর্তারা চাষিদের জানান, পূর্ব বরাদ্দ অনুযায়ী বীজ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দের ৬৫ শতাংশ পরিমাণ করে বীজ নিতে হবে। এতে চাষিরা বেঁকে বসেন এবং তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। ফলে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের বীজ বিতরণ কর্মসূচি শুরুতেই বাধাগ্রস্ত হয়। এরই প্রভাবে ধান, গম ও ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়নকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বীজ বিতরণে বাধাগ্রস্ত হন। ২২ নভেম্বর থেকে আপত্কালীন মজুত কর্মসূচির বীজ বিতরণ শুরু হলেও একই সঙ্গে সোমবার তা-ও বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবারও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়নি।
অচলাবস্থার বিষয়ে প্রথম আলোর অনুসন্ধানে বিএডিসির সংশ্লিষ্ট বিভাগগুলোর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দুটি সিন্ডিকেটের নাম উঠে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনে দীর্ঘদিন ধরে ৫ হাজার ৮০০ একর; ধান, গম ও ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রে ২ হাজার ৭০০ একর এবং আপত্কালীন মজুত কর্মসূচিতে ১ হাজার ৯০০ একর জমির বীজ বরাদ্দ আসছে। মৌসুম শেষে এই বরাদ্দ বীজে উৎপাদিত ধানবীজ হিসেবে বিএডিসি উচ্চমূল্যে কিনে থাকে। ধান সংগ্রহের সময় বস্তাপ্রতি বিভিন্ন খরচের নামে ৯৫ টাকা করে আদায় করা হয়ে থাকে। গত বছর প্রতি কেজি ধানবীজ ৩৯ টাকা দরে কেনে বিএডিসির এই তিনটি দপ্তর।
অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের যোগসাজশে রাজনৈতিক প্রভাবশালী একটি সিন্ডিকেট ও কথিত প্রকল্প ব্যবস্থাপকেরা (স্কিম ম্যানেজার) ভুয়া কাগজপত্র দাখিল করে বরাদ্দের সিংহভাগই নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা এবং বাকিটা চুক্তিবদ্ধ সাধারণ চাষিদের মধ্যে বিতরণ করেন। সিন্ডিকেটের অধিকাংশ চাষি নন। এ নিয়ে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে।
গত বছর বিশেষ প্রক্রিয়ায় কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনে অতিরিক্ত ২ হাজার ৭০০ একর জমিতে বোরো আবাদের জন্য বীজ বরাদ্দ আসে। গত বছর সব মিলে আবাদি জমির পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৫০০ একর। কিন্তু চাষিরা অভিযোগ করেন, গত বছর অতিরিক্ত যে বীজ এসেছে, তা থেকে সাধারণ চাষিরা এক কাঠা জমিতেও আবাদের সুযোগ পাননি।
চুক্তিবদ্ধ চাষি সোহরাব হোসেন অভিযোগ করেন, সিন্ডিকেটের সদস্যরা সারা বছর বিএডিসির সব কটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন। গত বছর অতিরিক্ত ২ হাজার ৭০০ একর জমির অনুকূলে বরাদ্দের মধ্যে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের কর্মকর্তারা ৯০০ এবং দুটি সিন্ডিকেটের সদস্যরা ৯০০ একর করে ভাগ-বাঁটোয়ারা করে নেন। এদিকে চলতি বছরে অতিরিক্ত বরাদ্দ না এলেও সিন্ডিকেটের সদস্যরা গতবারের মতোই ৯০০ একরের অনুকূলে বীজ দাবি করলে জটিলতার সৃষ্টি হয়।
একাধিক কৃষক অভিযোগ করেন, এ বছর চুক্তিবদ্ধ চাষিদের অনুকূলে বরাদ্দ ৫ হাজার ৮০০ একরের মধ্যে দুটি সিন্ডিকেটের জন্য ৯০০ একর করে মোট ১ হাজার ৮০০ একর জমি বাদ রেখে ভাগ করতে গেলে জটিলতা দেখা দেয়। এতে চুক্তিবদ্ধ সাধারণ চাষিদের বরাদ্দ ৬০ থেকে ৬৫ শতাংশে নেমে আসে। তাই চাষিরা কর্মকর্তাদের সরাসরি জানিয়ে দেন, বাড়তি সুবিধা যখন পাননি, তাঁরা কমও নেবেন না।
এদিকে চাষিদের স্বার্থ সংরক্ষণে গত মঙ্গলবার বিকেলে ১৩ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা ওই দিন কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপপরিচালক মোর্শেদুল ইসলামসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চাষিদের পক্ষে নেতৃত্বদানকারী আবুল কালাম আজাদ বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ১০ একর পর্যন্ত জমিতে আবাদকারী চাষিরা শতভাগ এবং তার অতিরিক্ত জমিতে আবাদকারী চাষিরা ৬৫ শতাংশ জমিতে চাষের জন্য বীজ পাবেন। এ নিয়েও কৃষকেরা ক্ষুব্ধ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে উপপরিচালক মোর্শেদুল ইসলাম এবং ধান, গম ও ভুট্টা উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজওয়ানুল ইসলাম গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিস্তারিত জানান। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ কর্মকর্তাদের জানিয়ে দেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়ম মেনে কাজ করলে সব ধরনের সহযোগিতা করা হবে।
পরে মোর্শেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩ অথবা ৪ ডিসেম্বর থেকে বীজ বিতরণ শুরু হবে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি বিষয়ে তিনি বলেন, ‘নানামুখী চাপে পড়ে আমাদের অনেক কিছুই করতে বাধ্য করা হয়।’
আপত্কালীন মজুত কর্মসূচির উপপরিচালক আবদুর রহমান বলেন, মঙ্গলবার রাতেই রাজনৈতিক পরিচয়ে তাঁকে নানা রকম ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি চাপে আছেন।