'আসল নাম' ফিরে পাবে বিদ্যালয়টি?
১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়টি। উদ্যোক্তারা বিদ্যালয়ের নাম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব জুনিয়র হাইস্কুল। ১৯৭২ সালে স্বীকৃতির জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করা হয়। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়টির স্বীকৃতি দেয় শেখ মজিবল হক জুনিয়র উচ্চবিদ্যালয় নামে।
এরপর কেটে গেছে ৪৫ বছর। এখন বিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় করার দাবি উঠেছে। এ নিয়ে দুই বছর ধরে শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতির জন্য চিঠি চালাচালি চলছে। এরই মধ্যে বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত বিদ্যালয়টির অবস্থান ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকায়।
বিদ্যালয় সূত্র জানায়, মজুমদারহাট এলাকার বিদ্যোৎসাহী কয়েকজন ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে মুন্সি ছৈয়দের রহমান, গাজী মো. মোস্তফা, সুলতান আহম্মদ ও কাজী মাহবুবুল হক নামের চার ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব জুনিয়র হাইস্কুলের নামে চারটি পৃথক দলিলে ৩৬.৫০ শতক জমি দান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, ১৯৭২ সালে স্বীকৃতির জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করা হয়। বঙ্গবন্ধুর অনুমতি না থাকার কথা বলে বোর্ড কর্তৃপক্ষ শেখ মজিবল হক জুনিয়র উচ্চবিদ্যালয় নামে বিদ্যালয়ের স্বীকৃতি দেয়। অথচ বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে শেখ মজিবল হক নামের কোনো ব্যক্তি ছিলেন না। এই নামে এই এলাকায় কোনো ব্যক্তিও নেই।
বিদ্যালয় সূত্র জানায়, ২০১৫ সালের ২৪ মে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় করার জন্য কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানের বরাবরে আবেদন করা হয়। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। বঙ্গবন্ধুর নামে বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতির প্রয়োজন আছে বলে বোর্ডকে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পক্ষে তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, জমি দান করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব জুনিয়র হাইস্কুলের নামে। তিনি জানান, বিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় করার অনুমতি চেয়ে ঢাকায় বঙ্গবন্ধু ট্রাস্টে আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় করার অনুমতি দিতে বঙ্গবন্ধু ট্রাস্টের প্রতি আহ্বান জানিয়েছেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।