'আসল মালিক' পেয়ে চা-শ্রমিকেরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনিই তো আসল মালিক। খেদাইয়া দেওয়া অইছিল। আসল মালিকরে আজই তো পয়লা দেখলাম। মনটা খুশি, শান্তি লাগতেছে!’ এভাবেই বলছিলেন চল্লিশোর্ধ্ব দীপালি মোদী। সদ্য চয়ন করা চা-পাতার একটি বোঝা তাঁর মাথায়। সকালবেলা চা-পাতা চয়ন করে দুপুর ১২টার দিকে কারখানায় ফেরার পর আলাপ হয় তাঁর সঙ্গে। কথা বলার কিছুক্ষণ পরই কারখানায় এসে উপস্থিত হন তাঁদের ‘আসল মালিক’ পঙ্কজ কুমার গুপ্ত। দীপালী সবার আগে গিয়ে তাঁকে প্রণাম করে বলেন, তিনিসহ তাঁর মা-বাবা এই বাগানে বংশপরম্পরায় শ্রমিক হিসেবে কাজ করছেন।
চা-বাগানের কর্তৃত্ব বদল হওয়ায় দীপালীর মতো এমন শতাধিক চা-শ্রমিক আনন্দ প্রকাশ করেন। উচ্চ আদালতের নির্দেশে গত রোববার এ বাগানটির অবৈধ দখলদার শিল্পপতি রাগীব আলীর জবরদখল থেকে মুক্ত করে জেলা প্রশাসন। পরে সেই দেবোত্তর সম্পত্তি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দখলমুক্ত তারাপুর চা-বাগানে পঙ্কজ গতকাল সকালেই প্রথম যান। কর্মচারী, শ্রমিকদের সঙ্গে পৃথক বৈঠক শেষে বাগানে কর্মরত চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত পঙ্কজ বাগানে অবস্থান করে চা-পাতা চয়নের স্থান, চা-পল্লি ও কারখানা পরিদর্শন করেন।
কারখানা পরিদর্শনকালে চা-শ্রমিকদের পঙ্কজ বলেন, ‘আপনারা বলছেন আমি আসল মালিক। আসলে আমি আসল মালিক না। এই সম্পত্তির মালিক দেবতা, রাধাকৃষ্ণ। আমি সেবায়িত, একজন সেবক। দেবতার সম্পত্তি গ্রাসকারীরা আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। ন্যায়বিচার পেয়ে দেবতার সম্পত্তি দেখভাল করার সুযোগ পেয়েছি।’
নগরের পাঠানটুলার পাশে ৪৪২ দশমিক ৯৬ একর টিলাভূমির এই চা-বাগান দেবোত্তর সম্পত্তি। সিলেটের শিল্পপতি রাগীব আলী ওই চা-বাগান ১৯৯০ সালে একজন ভুয়া সেবায়েতের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে চা-বাগানের একাংশে ১৯৯৯ সালে তাঁর ও স্ত্রীর নামে মেডিকেল কলেজ ও একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
জেলা প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট শাখা সূত্র জানায়, চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে এসব প্রতিষ্ঠান করায় ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি চা-বাগান পুনরুদ্ধারের সুপারিশ করে। এ সময় তদন্তে বের হয়ে আসে দেবোত্তর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বন্দোবস্ত নেওয়ার বিষয়টি। ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর রাগীব আলীর বিরুদ্ধে তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাইকোর্টে দুটি মামলা করেন। রাগীব আলীর ছেলে আবদুল হাই এ নিয়ে উচ্চ আদালতে রিট করলে আদালতের নির্দেশে মামলা স্থগিত হয়ে যায়।
প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১৯ জানুয়ারি মামলার রায়ে চা-বাগানটি বৈধ সেবায়েতের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখান থেকে মেডিকেল কলেজসহ সব অবৈধ স্থাপনা অপসারণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।
ওই রায়ের পরিপ্রেক্ষিতে গত রোববার জেলা প্রশাসনের একটি দল বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে চা-বাগানের ৩২৩ একর জায়গা বুঝিয়ে দেয়। বাকি জায়গায় বিভিন্ন স্থাপনা থাকায় সেগুলো ছয় মাসের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে ‘২৫ বছর পর দখলমুক্ত তারাপুর চা-বাগান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।