পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলায় গ্রেপ্তার ‘আসল’ জাকিরকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী, এই হত্যাকাণ্ডে জড়িতদের সহযোগী সন্দেহে আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেল নামে পুরান ঢাকার এক কথিত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল তাঁকেও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যায় জুরাইন কফিলউদ্দীন পেট্রলপাম্পের সামনে থেকে আসল জাকির ওরফে বাইট্টা জাকিরকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী খিলগাঁও উড়ালসেতুর নিচ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।তদন্ত কর্মকর্তারা জানান, সোহেল সন্ত্রাসীদের সঙ্গে চলাফেরা করেন। সোহেল বিলাসী জীবন যাপন করলেও তাঁর আয়ের কোনো বৈধ উত্স এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন, তাঁর প্রাইভেট কারের (হোন্ডা সিটি) পেছনের সিটের হেলান দেওয়ার জায়গায় বিশেষ কুঠুরি বানিয়ে সেখানে অস্ত্র বহন করা হতো। প্রয়োজন অনুযায়ী সন্ত্রাসী জাকির (বাইট্টা জাকির) গাড়ি থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতেন। ডিবি গাড়িটি আটক করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি।ডিবির একজন পদস্থ কর্মকর্তা জানান, পুলিশের সন্দেহ, গৌতম হত্যায় ব্যবহূত অস্ত্রের খোঁজ সোহেল জানেন। তাই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্যে পুরান ঢাকার চাঞ্চল্যকর কিছু মামলার জটও খুলতে শুরু করেছে।এদিকে গত বুধবার আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা জনি হোসেন ওরফে মানিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। তাঁকে গৌতম হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হলেও এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে মানিক তাঁর বিরুদ্ধে একটি জোড়া খুনসহ তিনটি হত্যাকাণ্ড ও একটি ডাকাতির মামলা থাকার কথা স্বীকার করেছেন। এই মামলাগুলোর কোনো একটিতে হাজিরা দেওয়ার জন্যই তিনি আদালতে গিয়েছিলেন।গত ১৯ এপ্রিল গভীর রাতে ধোলাইখাল এলাকায় খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে হায়দার, মানিক ও জাকির—এই তিনজনের নাম আসে। তাঁদের মধ্যে র্যাব জাকির, হায়দার এবং সূত্রাপুর থানার পুলিশ ও ডিবি জাকির, হায়দার নামের পৃথকভাবে চারজনকে গ্রেপ্তার করে। এদিকে গতকাল গৌতমের পরিবারকে এক লাখ টাকা দিয়েছে অগ্রণী ব্যাংক।