‘আসামি গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন’
সিলেটের তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন সিলেটের সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত সর্বদলীয় মানববন্ধন চলাকালে বক্তারা এ আহ্বান জানান।সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নগরের কোর্ট পয়েন্টে বেলা তিনটায় মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুশ শহিদ লস্করের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে প্রতিরোধ আন্দোলনের সভাপতি আ ন ম শফিকুল হক, সমন্বয়কারী লোকমান আহমদ, জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, সিপিবির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, মেহরানের বাবা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে না পারায় সিলেটের মানুষ পুলিশ বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানুষ রাজপথে নেমেছে। সাধারণ জনগণ চায় প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক। আসামি গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।৯ ডিসেম্বর রাতে নগরের শিবগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয় মেহরান সিদ্দিকীকে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানায় হত্যা মামলা করা হয়।