রহস্যজনক কারণে শাহানা আক্তার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।
গতকাল শুক্রবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহানার বাবা আবদুর রব।
আবদুর রব বলেন, গত ৩০ জুলাই পশ্চিম রামপুরার বাসায় তাঁর মেয়ে শাহানা আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রামপুরা থানায় হত্যা মামলা হয়েছে। মামলার দুই আসামি শাহানার স্বামী মনির হোসেন ও শাশুড়ি আক্তার বানুকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি বলেন, ‘আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। পুলিশ উল্টো মনিরকে ধরিয়ে দিতে আমাদের ওপর চাপ প্রয়োগ করছে।’
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (খিলগাঁও জোন) নাদিয়া জুঁই প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাঁদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। শাহানার পরিবারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তাঁদের অভিযোগ সত্য নয়। তাঁদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদকাসক্তি, আরেক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে মনির তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যাকাণ্ড কি না, সে সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে না।
সংবাদ সম্মেলনে আবদুর রব বলেন, প্রায় দেড় যুগ আগে তাঁর বড় মেয়ে শাহানার সঙ্গে পশ্চিম রামপুরার মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে মনিরকে নগদ এক লাখ টাকা ও আসবাব দেওয়া হয়। এরপর ব্যবসার কথা বলে মনির বিভিন্ন সময় শাহানাকে চাপ দিতে থাকলে পুনরায় কয়েকটি কিস্তিতে তাঁকে আরও দুই লাখ টাকা দেওয়া হয়। তিনি বলেন, ব্যবসার কথা বলে টাকা নিলেও সেই টাকা মনির মাদকের পেছনে ব্যয় করতেন। টাকা না দিলে মনির শাহানাকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে শাহানা গত ২০ জানুয়ারি রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শাহানা তাঁদের বাড়িতে চলে আসেন। কিন্তু মনিরের মা ও ভাই শাহানাকে নানা প্রলোভন দেখিয়ে ঢাকার বাসায় আসতে অনুরোধ করেন। মনিরের মা আক্তার বানু শাহানাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলেন ‘তোমার কিছুই হবে না, আমি সব ঠিক করে দেব। তুমি ঢাকায় আসো। পরে আমি আবার তোমাকে গ্রামে পাঠিয়ে দেব।’
আবদুর রবের দাবি, এ সময় মনিরও শাহানাকে ঢাকায় আসতে অনুরোধ করেন। পরে গত ১১ রমজান শাহানা শাশুড়ি ও স্বামীর কথা বিশ্বাস করে ঢাকার বাসায় ফেরেন।
হত্যার উদ্দেশ্যে শাহানাকে ঢাকায় আনা হয় দাবি করে আবদুর রব বলেন, মনিরের বিরুদ্ধে থানায় জিডি করার পর থেকে ওই বাড়ির সবাই শাহানার ওপর ক্ষিপ্ত ছিল। তিনি বলেন, ৩০ জুলাই শাহানাকে ব্যাপক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে মনির শাহানার গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে শাহানার ১৫ বছরের ছেলে, ভাই গিয়াস উদ্দিনসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।