'আসামি ছাড়ি কেমনে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টাকা চাইছি ৫০ হাজার, দিলেন হইল ১০ হাজার; আসামি ছাড়ি কেমনে বলেন। ২০-২৫ হাজার হইলেই তো ছাইড়া দিতাম। এই টাকাটাই দিতে রাজি হন নাই মিয়া।’
গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার আনোয়ারুল ইসলামের (৩২) স্ত্রী ও স্বজনদের সঙ্গে এভাবেই কথা বলছিলেন গাজীপুরের কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন। গত রোববার রাতে আনোয়ারুলকে গ্রেপ্তার করা হয়। এএসআই জাকিরের দাবি, এ সময় আনোয়ারুলের কাছে দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়। চাহিদামতো ঘুষ না দেওয়ায় আনোয়ারুল এখন কারাবাস করছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সুরিচালা এলাকায় সপরিবারে বসবাস করেন কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিন্দা গ্রামের বাসিন্দা আনোয়ারুল। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাসির গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। গত রোববার রাতে কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় এএসআই জাকির ও দুই কনস্টেবল তাঁকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তাঁর কাছে থাকা ৮৮৫ টাকা ও মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়। পরে আনোয়ারুলের স্ত্রীসহ কয়েকজন আত্মীয়কে ফোন করেন এএসআই।
আনোয়ারুলের বড় ভাই মনিরুল রাতেই থানায় গিয়ে এএসআই জাকিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাকির বলেন, ‘আসামিকে কোর্টে চালান করে দেব। পাঁচ-সাত বছরের জেল হয়ে যাবে। ৫০ হাজার টাকা যদি নিয়ে আসেন, তাহলে তাকে ছেড়ে দেব।’
ঘুষের টাকা নিয়ে সমঝোতা না হওয়ায় আনোয়ারুলকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেন এএসআই এবং মনিরুলকে বলেন, ‘হাজার দশেক টাকা নিয়া আসেন, তাহলে কেস হালকা করে পাঠিয়ে দেব। তা না হলে দুই কেজি গাঁজার মামলা দিয়ে দেব।’ একপর্যায়ে এএসআইকে সাত হাজার টাকা দেন মনিরুল। পরে পুলিশ আসামির কাছে ২০০ গ্রাম গাঁজা পাওয়ার কথা উল্লেখ করে মামলা লিখে আনোয়ারুলকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলাহাজতে পাঠায়।
পরের দিন দুপুরে আনোয়ারুলের বড় ভাই মনিরুল ও স্ত্রী শারমীন জাহান তাঁদের এক আত্মীয়কে নিয়ে এএসআই জাকিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আরও টাকা চাইলে আনোয়ারুলের স্ত্রী তিন হাজার টাকা দেন। এই টাকা দেওয়ার দৃশ্য এবং তাঁদের মধ্যে কথোপকথন কৌশলে মুঠোফোনে ধারণ করা হয়।
আসামির আত্মীয়: ভাই, ওনার কাছে কী পরিমাণ গাঁজা পেয়েছিলেন?
এএসআই: পরিমাণ তো ফ্যাক্টর না। পরিমাণ বাড়ানোও যাবে কমানোও যাবে।
আসামির আত্মীয়: তাকে তো আপনি চালান দিয়েছেন। এখন তাহলে আমরা কী করব?
এএসআই: কোর্টে গিয়ে উকিল ধরেন।
আসামির আত্মীয়: সহজভাবে এটিকে ফাইনাল করার ব্যবস্থা কী?
এএসআই: থানায় এলে টাকাপয়সা কমবেশি সব জায়গায় লাগে। তো বাঁচতে গেলে কিছু ডোনেশন তো দিতেই হইব। স্যার (ওসি) বলছিল, এক কেজি গাঁজাসহ চালান দিতে। আমি পরিমাণটা কমাইয়া দিছি।
আসামির আত্মীয়: এখন তাহলে আমাদের কী করণীয়, পরামর্শ দেন।
এএসআই: সেটা করা যাবে। বাদী তো আমিই। সাক্ষ্য তো আমাকেই দিতে হবে। এইটা কালিয়াকৈর থানা। এটা কি অন্যান্য ডিস্ট্রিক্ট? গাজীপুর ডিস্ট্রিক্ট! সবাই মনে করেন দুই লাখ-আড়াই লাখ টাকা দিয়ে পোস্টিংয়ে আসে। ১০ হাজার টাকা দিয়ে আপনি আসামি ছাড়াতে পারবেন? কীভাবে ১০ হাজার টাকা সাধেন আপনে? ২০-২৫ হাজার টাকা হলেই আমি ছেড়ে দিতাম। এই টাকাটাই দিতে রাজি হন নাই মিয়া।
আসামির আত্মীয়: আপনি ২০-২৫ হাজার টাকা চাইছেন, তারপর ওরা কী বলেছে?
এএসআই: না, আমি তো টাকা চাইছিলাম ৫০ হাজার। হাজার পঞ্চাশেক তো চাইবই। ১০ হাজার টাকা আপনি কারে দিবেন? কেউ কি মানব? ওসি দশের নিচে নেব? এই সাধারণ সেন্সটা একটা মানুষের থাকা দরকার।
আসামির আত্মীয়: আপনারা যে রাস্তা থেকে লোক ধরে নিয়ে আসেন এবং মাদকদ্রব্যসহ চালান দেন, সেগুলো কোথায় পান?
এএসআই: আরে ভাই আপনি কোন দেশে আছেন? কয়েক দিন আগে ৭৬ কেজি গাঁজাসহ একজনকে ধরলাম। পরে ৪০ কেজি গাঁজাসহ তাঁকে কোর্টে চালান দিলাম। রাস্তা থেকে লোক ধরে এনে টাকা চাই। দিলে ছাইড়া দিই, না দিলে এক কেজি দুই কেজি কইরা গাঁজাসহ চালান দিয়া দিই। ইয়াবা বড়িও ধরে এনে কিছুটা রেখে দিই এই সব কাজের জন্য।
এএসআই: টাকাপয়সা কিছু খরচ করেন, তাহলে চার্জশিট ফাইনাল কইরা দিব।
কথোপকথনের একপর্যায়ে আনোয়ারুলের স্ত্রী এএসআইকে তিন হাজার টাকা দেন। টাকা নিয়ে এএসআই বললেন, ‘বাকি টাকা কাল সকালে এই আপাকে দিয়ে পাঠিয়ে দেবেন। আমি সব ঠিক কইরা দিব।’
আনোয়ারুলকে গ্রেপ্তার ও ঘুষ নিয়ে দেনদরবারের বিষয়টি প্রথম আলোর প্রতিনিধি জেনে এএসআই জাকিরকে ফোন দিলে তিনি বলেন, ‘থানায় আসেন আপনার সঙ্গে পরে কথা বলব।’
এদিকে আনোয়ারুলের স্ত্রী জানান, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এএসআই জাকির তাঁকে ফোন করে থানায় যেতে বলেন। বিকেলের দিকে তিনি (শারমীন) থানায় গেলে এএসআই তাঁকে চেয়ার এগিয়ে দেন এবং বসতে বলেন। পরে তাঁকে ৮৮৫ টাকা, আনোয়ারুলের মুঠোফোন ও পাঁচ হাজার টাকা ফেরত দেন। বাকি পাঁচ হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা খরচ হয়েছে এবং তিন হাজার টাকা দালাল সবুজ সরকার নিয়েছেন বলে জাকির জানান।
শারমীন জাহান দাবি করেন, তাঁর স্বামী গাঁজা সেবন করেন না, গাঁজার ব্যবসাও করেন না।
এএসআই জাকির গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এমন কাজ করা ঠিক হয়নি, এরপর এমন কাজ করব না। নিউজটা করলে আমার চাকুরিতেও সমস্যা হবে, ইজ্জতও যাবে। তাই দয়া করে নিউজটা করবেন না।’
জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ওই এএসআইয়ের লেনদেনের বিষয়টি আমার জানা নেই। যদি এমন অবৈধ লেনদেন বা ঘুষ নিয়ে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’