'আসামিই ধরছে না পুলিশ, বিচার তো দূরের কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদকে কারা ছুরিকাঘাত করে খুন করেছেন—পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে তা স্পষ্ট। কিন্তু হত্যাকাণ্ডের আড়াই মাস পরও মূল আসামি ইব্রাহিম সোহান ধরা পড়েননি। ঘটনার পর যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, তাঁদের চারজন জামিনে বেরিয়ে গেছেন। নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে নিহত নাসিমের পরিবার।
নাসিম বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। আর হত্যাকাণ্ডের জন্য চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দায়ী করা হচ্ছে। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবং আ জ ম নাছির সাধারণ সম্পাদক।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে খুন করা হয় নাসিম আহমেদকে। বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কে অতিথি হবেন, তা নিয়ে ছাত্রদের মধ্যে তর্ক শুরু হয়। এক পক্ষ বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অতিথি করার দাবি জানায়। অন্য পক্ষ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে অতিথি করতে চায়। এই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিদের সবাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলাটি তদন্ত করছে চকবাজার থানা-পুলিশ।
ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে আবু তাহের প্রথম আলোকে বলেন, প্রধান আসামি সোহানের বাসায় একবারও পুলিশ অভিযান চালায়নি। তাঁর বিষয়ে তথ্য দিলেও পুলিশ কাজ করছে না। আসামিই ধরছে না পুলিশ। বিচার তো দূরের কথা। তিনি এই মামলার তদন্ত নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কিংবা র্যা বকে দিয়ে করানোর দাবি জানান।
নাসিমকে ছুরিকাঘাত করে হত্যার দৃশ্য ধরা পড়ে ক্যাম্পাসের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায়, ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেছেন সোহান। তিনি (সোহান) নিজের পকেট থেকে ছুরি বের করে তাঁর (নাসিম) মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত করেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনকেই নাসিমকে কিল-ঘুষি মারতে দেখা যায়। ক্যাম্পাসে সেদিন তিন দফায় নাসিমকে মারধর করা হয়। এতে ১৫-২০ জন অংশ নেন।
নাসিমের বাবার অভিযোগের বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মূল আসামি ইব্রাহিম সোহানসহ অন্যদের গ্রেপ্তারে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাঁদের খোঁজ মিলছে না। তাঁদের খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। নাসিমের বাবা যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়।’ আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘না, তাঁরা দেশ ছেড়ে পালাতে পারেননি। আশা করি শিগগিরই তাঁদের গ্রেপ্তার করতে পারব।’
পুলিশ জানায়, নিহত নাসিমের সহপাঠী আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী ও গোলাম মোস্তফাকে ঘটনার দিন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলার এজাহারে তাঁদের নাম রয়েছে। এর বাইরে এজাহারভুক্ত আসামি ইব্রাহীম সোহান, জয়নাল, সাইদ, উজ্জ্বল, আবিদ, তারেক, সায়েম ও সাইফুলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন ওয়াহিদুজ্জামান। জামিনে বেরিয়ে গেছেন বাকি চার আসামি। ৮ জুন গোলাম মোস্তফা, ১৬ জুন জিয়াউল হায়দার ও তামিল উল আলম এবং গত রোববার আশরাফুল ইসলাম জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। তদন্তে থানার পুলিশের অবহেলার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।