'আসামিদের পক্ষে যে কেউ আদালতে দাঁড়াতে পারেন'

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় যে কেউ (আইনজীবী) ইচ্ছা করলেই আইনি সহায়তা দিতে পারবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দীপু গতকাল সোমবার সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন।
আনিছুর রহমান জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
সাত খুনের মামলার আসামিপক্ষকে আইনি সহায়তা দিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঙ্গে গতকাল রাতে প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাদের সমিতির সভাপতিই এ বিষয়ে বলতে পারবেন।’
এই মামলায় এত দিন নারায়ণগঞ্জের আইনজীবীরা আসামিদের পক্ষে আদালতে দাঁড়াননি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, ‘এ মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের জবানবন্দি এবং দীর্ঘ তদন্ত শেষে এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পরিপূর্ণ একটি অভিযোগপত্র দাখিল করেছেন। আদালতও যথারীতি দুটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন।’
আনিছুর রহমান বলেন, নৃশংস হত্যাকাণ্ডের বিচার যখন একটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে—ঠিক তখনই রাজনৈতিক ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে।
প্রতিক্রিয়া: নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই বলে আনিছুর রহমান যে মন্তব্য করেছেন, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য। যে কেউ তাঁর নিজের মত প্রকাশ করতে পারে। আইনমন্ত্রী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে নেওয়া যাবে কি না, সে বিষয়ে আমি যদি কোনো মন্তব্য করি, তবে তা বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাই ওই বিষয়ে মন্তব্য করতে চাই না।’
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক বলেন, ‘সাত খুনের মামলায় তদন্ত সম্পন্ন হয়েছে। এ মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে। তাই এখানে রিমান্ডে নেওয়ার সুযোগ না থাকলেও পুলিশ যদি অধিকতর তদন্তের প্রয়োজন বোধ করে তবে তারা তদন্তের জন্য দরখাস্ত করে রিমান্ড চাইতে পারে।’
পুলিশের অভিযান: সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর ভাতিজা কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়িতে পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল বিকেল চারটা থেকে দেড় ঘণ্টা ধরে চলে অভিযান। সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার নূর হোসেনের বাড়ি ও তাঁর ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ জালালের নয়াআটি রসুলবাগের বাড়িসহ বিভিন্ন বাড়িতে এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মো. ফোরকান শিকদারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ন ও সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
দুদকের নোটিশ: নূর হোসেনের সম্পদের তথ্য জানতে সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র জানিয়েছে, কমিশনের অনুমতির পর দু-এক দিনের মধ্যে এ নোটিশ জারি করা হবে। এ ছাড়া কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পলাতক থাকায় আমরা নূর হোসেনকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। এ কারণে আমাদের অনুসন্ধান কাজও স্থবির ছিল। তাঁকে এখন দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখন আইন অনুযায়ী কাজ করবেন অনুসন্ধান কর্মকর্তা।’ গত বছরের ২৯ মে নূর হোসেনের সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।