‘আসিফ ও রাজন অনেক মেয়েকে বিরক্ত করত’
‘আসিফ অনেক দিন ধরে রাস্তাঘাটে খুব জ্বালাতন করত। তার সঙ্গে থাকত রাজন। তারা আমাকে দেখলেই প্রেমের প্রস্তাব দিত। গ্রামের অনেক মেয়েকে তারা বিরক্ত করত। আমরা তাদের দুজনের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। আমি তাদের শাস্তি চাই।’নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান হত্যা মামলায় গত রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের কাছে ১৬৪ ধারায় এই জবানবন্দি দিয়েছেন বাগাতিপাড়া উপজেলার স্বরাপপুর গ্রামের এক গৃহবধূ। একই দিন একই বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন লোকমানপুর কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. তোজাম্মেল হক। জবানবন্দিতে তিনি আসামি বখাটে আসিফ ও রাজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তোজাম্মেল জবানবন্দিতে বলেন, প্রভাষক মিজান গত ৯ অক্টোবর কলেজে সবার উপস্থিতিতে আসিফ ও রাজনের বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার কথা বলেছিলেন। এতে তারা তাঁকে হুমকিও দিয়েছিল বলে জানিয়েছিলেন। এর কয়েক দিন পরই রাজন ও আসিফ শিক্ষক মিজানকে মোটরসাইকেলে চাপা দেয় এবং লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। এদিকে আদালতের একটি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে জেলার দায়রা জজ আদালতে মিজানুর হত্যা মামলার আসামি আসিফের জামিন আবেদনের শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর দায়রা জজ আবদুল মজিদ জামিনের আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে আসিফ ও রাজন লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করে। ২৪ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই বাগাতিপাড়া থানায় মামলা করলে পুলিশ আসামি আসিফ ও রাজনকে গ্রেপ্তার করে। তারা নাটোর জেলহাজতে রয়েছে। এখনো মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি।