'আসুন আমরা শান্তি প্রতিষ্ঠা করি'

যুদ্ধ ও রক্তপাত ছাড়া যে জয়, সেই জয়ই সবচেয়ে বড় জয়। বিরোধ নিষ্পত্তির জন্য মহাত্মা গান্ধীর অহিংসার পথই শ্রেষ্ঠ পথ বলে মন্তব্য করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাত্মা গান্ধী স্মারক সদন আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে যুদ্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধে গান্ধীর অহিংসাবাদ বিষয়ে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আবুল মকসুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশে দেশে, জাতিতে জাতিতে, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে বেড়েছে হানাহানি। রক্ত ঝরছে প্রতিদিন। মীমাংসা করা যায় এমন তুচ্ছ কারণ নিয়েও সংঘাত হচ্ছে। স্থানীয় যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এই মুহূর্তে উপমহাদেশেও যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, যেকোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথই শ্রেষ্ঠ পথ। যুদ্ধে কোনো দিন কোনো পক্ষই জয়ী হয় না। তিনি যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত পৃথিবী ও সমাজ গড়তে শোষণ-বঞ্চনার অবসান ঘটানোর আহ্বান জানান।
সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন বলেন, গান্ধীর রাজনীতি অহিংস ছিল। কিন্তু এ দেশের বেশির ভাগ রাজনীতিকই সহিংসতা ও পরমত অসহিষ্ণুতায় বিশ্বাসী। তাই মানুষ এসব রাজনীতিকদের ভোট দিলেও পছন্দ করে না।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, কোনো পক্ষের স্বার্থসংশ্লিষ্ট কারণে চাপিয়ে দেওয়া যুদ্ধ খারাপ। বর্তমান বিশ্বে পুঁজিবাদী শোষণ চলছে। আর তা আড়াল করতে চালু আছে ধর্মীয় প্রতিক্রিয়া। তাই যারা সাধারণ মানুষের শান্তি হরণ করে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সমাবেশ শেষে ‘শান্তির গান’ হিসেবে লালনসংগীত পরিবেশন করা হয়।
এই শান্তি সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাপার সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির প্রমুখ।