'আসুন, বাবার সম্মানে আমরা আবার এক হই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়করাজ রাজ্জাক স্মরণে রাজধানীর বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত শোকসভায় বাবা সম্পর্কে বলছেন রাজ্জাকের ছেলে বাপ্পারাজ l ছবি: প্রথম আলো
নায়করাজ রাজ্জাক স্মরণে রাজধানীর বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত শোকসভায় বাবা সম্পর্কে বলছেন রাজ্জাকের ছেলে বাপ্পারাজ l ছবি: প্রথম আলো

পিতা হারানোর বেদনায় সন্তান কাঁদবেন এটাই স্বাভাবিক। তবে গতকাল শনিবার দুপুরে এফডিসিতে সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজের অশ্রুতে ছিল যেন আরও বেশি কিছু। কিছুটা ক্ষোভ আর আকুতির মিশ্রণ যেন। কাঁদলেন যেমন, কাঁদালেনও। চলমান ঢাকাই চলচ্চিত্রের সংকটের প্রসঙ্গ টেনে সবাইকে আহ্বান জানালেন, ‘আসুন বাবার অছিলায়, তাঁর সম্মানে আমরা আবার এক হই।’

২১ আগস্ট সোমবার মারা যান কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। তাঁর স্মরণে শনিবার এফডিসিতে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

এফডিসির ৮ নম্বর ফ্লোরটির সবগুলো দর্শক আসন ছিল পূর্ণ। শুরুতেই মঞ্চে আসেন বাপ্পারাজ। সন্তান হিসেবে বাবা সম্পর্কে কিছু ভুল ধারণা আর সমালোচনার উত্তর দিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বর্তমান চলচ্চিত্র অঙ্গনের চলমান জটিলতা নিয়ে বলেন, ‘যদি যুদ্ধ করতে হয় বাইরের লোকেদের সঙ্গে করব, নিজেদের মধ্যে না। আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এ জন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব (খান) ভুল করেছে এ জন্য বয়কট করার দরকার কী? ডাকলে সে আসবে না কেন?’ তিনি বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনোই চাই না। যদি সব নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন, এফডিসিতে আর আসব না। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা।’

বাপ্পারাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে রাজ্জাককে নিয়ে বলতে গিয়ে আশ্বস্ত করলেন নায়ক ও অভিনেতা আলমগীর। জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে তিনিই সবার আগে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন। তিনি রাজ্জাককে কখনো বাবা, কখনো পথপ্রদর্শক আবার কখনো সহশিল্পী হিসেবে দেখেছেন। আলমগীর বলেন, ‘বাপ্পাকে বলছি, আমাদের চলচ্চিত্র পরিবার এক থাকবে। এই দ্বন্দ্ব যত দ্রুত সম্ভব আমরা মিটমাট করব।’

জ্যেষ্ঠ অভিনেতা ফারুকও সব দ্বন্দ্ব দূর করার আশ্বাস দিয়ে বলেন, ‘চলচ্চিত্র পরিবার গঠিত হওয়ার আগে রাজ্জাক ভাই আমাকে একদিন ডেকেছিলেন। বলেছিলেন, “ফারুক, এফডিসিতে আবার কী হচ্ছে? তুই একটু দেখ না রে ভাই!” তিনি আমাকে এই দায়িত্ব নিতে বলেছিলেন। আমি নিয়েছি।’

একটি পূর্ণাঙ্গ স্মারকগ্রন্থ প্রকাশের পরামর্শ দিলেন পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন। রাজ্জাককে পরিপূর্ণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে রাজ্জাককে আরও বেশি করে মনে পড়বে, পড়তে বাধ্য।’ চিত্রনায়িকা রোজিনা অনুরোধ করেন, এফডিসিতে রাজ্জাকের একটি ভাস্কর্য এবং তাঁর নামে একটি ফ্লোরের নামকরণ যেন করা হয়।

সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবার জন্য দোয়া চাইলেন চিত্রনায়ক সম্রাট।