'আহমদ শরীফ অধ্যাপক চেয়ার'পদে সন্জীদা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রতিষ্ঠা করা হয়েছে ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’। প্রথমবারের মতো এতে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছর সন্জীদা খাতুন এই পদে অধিষ্ঠিত থাকবেন।
সাধারণত কোনো বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘চেয়ার’ পদে গবেষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স, ১৯৫৫ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-উত্তর গবেষণাও সম্পন্ন করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি লিট ‘দেশিকোত্তম’ লাভ করেন ২০০৮ সালে।
সন্জীদা খাতুন ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯৪ সালে অবসর নেন। পুনর্নিয়োগক্রমে তিনি ১৯৯৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ২৫টিরও বেশি গ্রন্থ রয়েছে। ১১টি গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। তিনি ছায়ানটের প্রতিষ্ঠাতাদের একজন। নালন্দা বিদ্যালয় ও ব্রতচারীর প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৫৩ সাল থেকে তিনি বাংলাদেশ বেতার এবং ১৯৬৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী।
১৯৮৮ সালে সন্জীদা খাতুনকে কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউট’ কর্তৃক ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করা হয়। একই বছর তাঁকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক রবীন্দ্রস্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ সরকার ১৯৯০ সালে তাঁকে একুশে পদক প্রদান করে। ১৯৯৮ সালে বাংলা একাডেমির সা’দত আলী আখন্দ পুরস্কার, ১৯৯৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১০ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানজনক ফেলোশিপ লাভ করেন সন্জীদা খাতুন।