‘আহা রে, আঁর তো সব গেল...’
‘আহা রে, আঁর তো সব গেল। শ্বশুর নাই। আর মানুষটা (স্বামী) এত বছর পর দেশে এলেও মরা মুখ চাইতে হবে। আঁর বাঁচি থাকি কোনো লাভ নাই।’ এভাবেই বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন গৃহবধূ আলেয়া বেগম। তাঁর বিলাপে পুরো বাড়ি শোকে স্তব্ধ।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের ওই গৃহবধূর কুয়েত-প্রবাসী স্বামী নিজাম উদ্দিন (৩৫), শ্বশুর আবদুল মতিন (৭৫), ভাতিজা নেয়ামত উল্লাহ (২৮), গৃহশিক্ষক ইব্রাহিম (১৩) এবং মাইক্রোবাসের চালক দেলোয়ার হোসেন (৩০) গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা যান। একই সঙ্গে ওই দুর্ঘটনায় গৃহবধূর বাবা কালা মিয়া (৬০) ও ছেলে আসিফ (৭) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।কুয়েত-প্রবাসী নিজাম উদ্দিন গতকাল ভোরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাঁকে আনতে তাঁর বাবা, শ্বশুর, ছেলে, ভাতিজা ও গৃহশিক্ষক মাইক্রোবাস নিয়ে চট্টগ্রামে যান।আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, নাঙ্গলকোটে আসার পথে সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নিজাম উদ্দিন, তাঁর বাবা আবদুল মতিন ও ভাতিজা নেয়ামত উল্লাহ। পরে গৃহশিক্ষক ও মাইক্রোবাসের চালক হাসপাতালে মারা যান।নিহত ব্যক্তির চাচাতো ভাই ও বাইয়ারা গ্রামের ব্যবসায়ী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘চার বছর আগে জমিজমা বিক্রি করে নিজাম উদ্দিন কুয়েত যান। প্রথমবার বিদেশ থেকে ফেরার পথেই তিনি মারা যান। নিজাম উদ্দিন স্ত্রী আলেয়া বেগম, দুই ছেলে আসিফ (৭), আরিফ (৬), তিন ভাই ও এক বোন রেখে গেছেন। আর ভাতিজা নেয়ামত উল্লাহ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের এত মানুষের মৃত্যু কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না।’নিহত ব্যক্তির ভাই তোফায়েল আহমেদ বলেন, ‘এ মৃত্যু মেনে নেওয়া যায় না। যাঁরা হাসপাতালে রয়েছেন, তাঁদের অবস্থা খুবই খারাপ।’