আড্ডা, গল্প, স্মৃতিচারণা, গান—দিনভর এমন সব আয়োজনে মেতে ছিলেন চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজের প্রাক্তন ছাত্র সমিতির ৩০ বছর পূর্তি উৎসবের সমাপনী দিন ছিল গতকাল শনিবার। চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া, পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভাপতি শামসুল হক, যুগ্ম আহ্বায়ক মো. তৈয়বুর রহমান প্রমুখ।
পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁদেরই একজন বেসরকারি চাকরিজীবী ফখরুল ইসলাম। দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি মিলনমেলায়। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী সারা দিনই মেতে ছিলেন বন্ধুদের সঙ্গে আড্ডা আর খুনসুটিতে। তাঁর সঙ্গে যোগ দেন কামরুন নাহার, বিলকিস বানু, মো. দেলোয়ার হোসেন ও এ টি এম নুরুল আবছার। পাঁচ বন্ধুর কলেজজীবনের গল্প যেন শেষই হচ্ছে না।
কামরুন নাহার ও বিলকিস বানু বলেন, ‘ক্লাস, ছাত্র সংসদের কার্যক্রম আর আড্ডা—এসব নিয়ে ছিল আমাদের কলেজজীবন। ক্লাস শেষে ছুটে যেতাম পাশের রেস্টুরেন্টে। সময় পেলে আগ্রাবাদ এলাকা ঘুরে বেড়াতাম বন্ধুরা মিলে। আহ্, সে এক জীবন ছিল আমাদের।’
সন্ধ্যায় কনভেনশন সেন্টার চত্বরে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন সরকারি চাকরিজীবী রনি পাল। তিনি বলেন, প্রায় আট বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।
গত বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ পুনর্মিলনী অনুষ্ঠান।