‘আয় মা, আয় আমার আসরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আকারের বাঁশের খুঁটির সঙ্গে রশি বেঁধে তৈরি করা হয়েছে বৃত্তাকার খেলার মাঠ। বৃত্তের ভেতরে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে বিষধর সাপ। বৃত্তের একপ্রান্তে তৈরি করা হয়েছে পাঁচজন সাপুড়ের জন্য পাঁচটি দাগ কাটা ঘর। সাপটিকে নিজ নিজ দাগ কাটা ঘরে ডেকে নিতে মন্ত্র পাঠ করছেন সাপুড়েরা।একপর্যায়ে সাপটি কোনো এক সাপুড়ের ঘরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে বৃত্ত ঘিরে থাকা উৎসুক দর্শকের করতালি। আর এভাবেই মন্ত্রবলে আয়ত্তে এনে খেলার প্রথম রাউন্ড জিতে নেন এক সাপুড়ে।গত বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী হরিনারায়ণপুর গ্রামের আরাজী রেজিস্টার্ড বিদ্যালয়ের মাঠে আয়োজিত ব্যতিক্রমী সাপের খেলা প্রতিযোগিতার দৃশ্য এটি। এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুব সমিতি নামের একটি সংগঠন।উপজেলার পাঁচজন সাপুড়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের জন্য মাঠের শেষ প্রান্তে চারপাশে দাগ কেটে তৈরি করা হয় পাঁচটি ঘর। মাঠের মাঝখানে পোঁতা হয় একটি কলাগাছ। কলাগাছের গোড়ায় তৈরি করা হয় একটি গর্ত। প্রতিযোগিতার রেফারি হোসেন আলী তাঁর বাক্স থেকে সাপ বের করে গর্তে ঢুকিয়ে দেন। সাপুড়েরা সাপটিকে নিজের ঘরে নিয়ে আসার জন্য চিৎকার করে ‘দেবী, আয় মা, আয় মা, আমার আসরে...ধুলায় পড়ে কাতর হয়ে ডাকি যে তোরে’ মন্ত্রটি পাঠ করতে থাকেন। সাপটি একসময় ঢুকে পড়ে কোনো এক সাপুড়ের ঘরে।কালীতলার সাপুড়ে মো. রশিদুল ইসলাম নিজের ঘরে সবচেয়ে বেশি সাপ ঢুকিয়ে জিতে নেন একটি মুঠোফোন। অন্য প্রতিযোগীদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। প্রতিযোগিতা দেখতে আসা কাকডোব গ্রামের ললিতা রায় বলেন, এমন খেলা সচারচর দেখা যায় না। তাই পরিবারের সব সদস্যকে নিয়ে খেলা দেখতে এসেছেন। প্রতিযোগিতায় বিজয়ী সাপুড়ে রশিদুল ইসলাম বলেন, তিনি ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে সাপের খেলা প্রদর্শন করে আসছেন। এর আগেও এমন অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।যুব সমিতির সদস্য নূরুল ইসলাম বলেন, মানুষকে বিনোদন দেওয়ার জন্যই গ্রামের যুবকেরা মিলিত হয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দবিরুল ইসলাম বলেন, গ্রাম-বাংলায় এমন অনেক ঐতিহ্যবাহী খেলার প্রচলন রয়েছে; সেসব খেলা আজ বিলুপ্ত হতে বসেছে। এসব খেলা টিকিয়ে রাখতে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।