'আয়নাবাজি' সিনেমার পাইরেসি চক্রের একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়নাবাজি চলচ্চিত্রের পাইরেসি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড্ডার পোস্ট অফিস গলিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আতিকুরের কাছ থেকে পাইরেসিতে ব্যবহৃত একটি সার্ভার ও দুটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি-সাইবার ক্রাইম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, আতিকুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড অনাদায়ে দুই লাখ টাকা জরিমানা করেন। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আয়নাবাজি পাইরেসি করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম আরও বলেন, বাড্ডা এলাকায় আতিকুর রহমানের বাড্ডা নেট জোন নামে ইন্টারনেটের ব্যবসা আছে। তিনি নিজস্ব ডোমেইনে এফটিপি সার্ভার ব্যবহার করে তাঁর গ্রাহকদের বিভিন্ন নতুন ও পুরোনো সিনেমা ডাউনলোড করার সুযোগ দেয়।
ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা আয়নাবাজি। মুক্তির কিছুদিন পর ছবিটি পাইরেসি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এর ভিত্তিতে সিটিটিসির সাইবার ক্রাইম দল বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে। এ ছাড়া ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।