‘গ্রামে-গঞ্জে এখন ধান কাটার মৌসুম। এই মৌসুমকে আপনারা মনে রেখেছেন, তাতে আমাদের ভালো লাগছে।’ চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল সোমবার বিকেলে বেলুন উড়িয়ে নবান্ন উৎসব উদ্বোধনের পর এ কথা বলেন কৃষক নিতাই দাশ। তাঁর সঙ্গে উৎসবের উদ্বোধন করেন আরও দুই কৃষক নাজিম উদ্দিন ও মো. সেলিম।
গান, সুর, নৃত্য আর কথামালায় জমজমাট এই উৎসবের আয়োজক শিশু সংগঠন ‘শিশুমেলা’। উৎসবের মূল স্লোগান ছিল ‘আজি নবান্ন উৎসবে নবীন গানে/ আয়রে সবে আয়রে ছুটে প্রাণের টানে’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদজায়া মুশতারী শফী। বিশেষ অতিথি ছিলেন চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ ও সুরকার বাসুদেব ঘোষ। সভাপতিত্ব করেন নবান্ন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব রুবেল দাশ প্রিন্স।
অনুষ্ঠানে মুশতারী শফী বলেন, চট্টগ্রামসহ সারা দেশে তেমনভাবে কোনো উৎসব এখন আর উদ্যাপন করা হয় না। নবান্ন বাঙালির প্রাণের উৎসব; এ উৎসব যেন থেমে না যায়। যত বেশি করে পয়লা বৈশাখ, নবান্ন, পৌষ, বর্ষা আর বসন্ত উৎসব হবে, তত বেশি বাঙালি সংস্কৃতি লালিত হবে। তিনি বলেন, ‘যত উৎসব করব, তত মৌলবাদী শক্তি দূর হবে। আজ যখন আমরা উৎসবে মিলেছি, তখন ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রংপুরে কী হচ্ছে? এসব হত্যা, আগুন আর হাহাকার বন্ধ করতে হবে। বাঙালির উৎসব মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’
অন্য বক্তারা বলেন, বাংলার কৃষকের ঘরে ঘরে আনন্দের উপলক্ষ এনে দেয় হেমন্ত। কৃষকেরা এখন মাঠে ধান কাটতে ব্যস্ত থাকেন। শহরের জনজীবনে এর কোনো ছোঁয়া নেই। এই উৎসবের মধ্য দিয়ে শহুরে লোকজন কিছুটা হলেও নবান্নের আমেজ পাবেন। তাঁরা বলেন, গ্রামীণ সংস্কৃতি বাঙালির গর্ব। বর্তমান প্রজন্মকে সংস্কৃতিমুখী করা গেলে সমাজে অন্যায়, অবিচার কিংবা জঙ্গিবাদ থাকবে না।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন ভায়োলেনিস্ট’স চিটাগাং-এর শিল্পীরা। অটিস্টিক শিশুদের নৃত্যও সবার মন কাড়ে।
অনুষ্ঠানে খেলাঘর চট্টগ্রাম মহানগরী, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, নৃত্যম একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে দর্শক মাতিয়েছেন সংগীতশিল্পী ইলমা, পূর্ণ চন্দ্র রায়, গীতা আচার্য ও জনি বড়ুয়া।