টিনশেডের বাসা। পাশেই নির্মাণাধীন বহুতল ভবন। হঠাৎ করেই তীব্র ঝাঁকুনি। সঙ্গে সঙ্গেই নির্মাণাধীন ভবনের এক পাশের দেয়াল ধসে পড়ে পাশের টিনশেডের ওপর। চাপা পড়েন ঘুমন্ত নারী, শিশুসহ পাঁচজন। দেয়ালচাপা পড়া মানুষের আর্তচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে।
গতকাল সোমবার ভোরে ভূমিকম্পের সময় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভূমিকম্পে নির্মাণাধীন কানিজ প্লাজার দেয়াল ধসে পড়ে পাশের ইসলাম ভিলায় (পলাশী-৩)। আর সেখানেই চাপা পড়েন ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী শিল্পী বেগম (৩০), ব্যবসায়ী সাজিদুল ইসলাম (৩৮), সাজিদুলের স্ত্রী রোকসানা বেগম (২০) ও তাঁদের ১৫ মাসের শিশুসন্তান হাবিবা।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ফরিদুল ও শিল্পী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সাজিদুলের মাথায় ১৭টি সেলাই লেগেছে। তিনি বাসায় ফিরেছেন। সাজিদুল বলেন, ‘মনে অইছিল পুরা বিল্ডিংটাই ঘরের উপর পড়ব।’ তাঁর অভিযোগ, আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না নিয়ে পাশেই একটি সুউচ্চ দালান নির্মাণ করা হচ্ছিল। ভূমিকম্প হওয়ার পর সে ভবনের দেয়ালই ধসে পড়েছে। যদি নিরাপত্তাবেষ্টনী থাকত, তাহলে এমন ঘটনা ঘটত না।
গতকাল সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পাশের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না রেখেই ভবন নির্মাণ করা হচ্ছিল। প্রাথমিকভাবে অনুসন্ধানে এর সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে কানিজ প্লাজার মালিক আবদুল্লাহ আহমদ দেয়ালধসের কারণ দুর্ঘটনা জানিয়ে বলেন, ভবন নির্মাণে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ছিল। গত শনিবার বিকেলে ঢালাই দেওয়ায় দেয়াল কাঁচা ছিল। ভূমিকম্প হওয়ায় সেটি ধসে পড়েছে।
ভূমিকম্পের সময় আতঙ্ক আর ভয়ে হুড়মুড়িয়ে বাসার বাইরে বেরোনোর সময় নগরে অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা জানান, ভূমিকম্পের কারণে শারীরিকভাবে আঘাত পেয়ে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন জামেয়া হোসাইনা মীরবক্সটোলা নয়াসড়ক মাদ্রাসার শিক্ষক হাফিজ শফিউল্লাহ (২৭)। তিনি বলেন, ‘ঘটনার পর তাকিয়ে দেখি হোস্টেলে কোনো ছাত্র নাই। সবাই দ্রুত চলে গেছে। কিছু বুঝে ওঠার আগেই আমি দোতলা থেকে লাফ দিই। এতে বাম পায়ে প্রচণ্ড আঘাত পাই।’ একই মাদ্রাসার শিক্ষার্থী নূর মোহাম্মদও (২১) লাফ দিয়ে পড়েন দোতলা থেকে। এতে তাঁর দুই পা ভেঙে যায়। জখমের যন্ত্রণা ছাপিয়ে নূর মোহাম্মদ বলেন, ‘ই-লা (এ রকম) ভয় জীবনেও পাইছি না।’
নগরের কুমারপাড়া এলাকার আবদুর রহমান (৩২), টিলাগড় এলাকার শিক্ষক জয়তারা বেগম (২৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থী জন জাকারিয়াসহ চিকিৎসাধীন প্রত্যেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভয় আর আতঙ্কে হুড়োহুড়ি করে বাসা থেকে বেরোতে গিয়ে আহত হন।