রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ পৃথকভাবে শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য পাল্টাপাল্টি শ্রমিক নিয়োগ করা হয়েছে।একদিকে রয়েছেন ইউপি চেয়ারম্যান মনোনীত তালিকার শ্রমিকেরা, অপরদিকে আছেন ইউএনও মনোনীত তালিকার শ্রমিকেরা। দুই পক্ষেই সমানসংখ্যক শ্রমিক রয়েছে। কোন পক্ষের শ্রমিকেরা মজুরি পাবেন, এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা যায়, চলতি মাসের ১০ এপ্রিল থেকে উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী প্রথম পর্যায়ের ৬৪ জন শ্রমিককে মনোনীত করেন ইউএনও। গত ১৫ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের এই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। পরের দিন ১৬ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবের তৈরি করা তালিকার ৬৪ জন শ্রমিককে নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।গত ১৭ এপ্রিল উভয় পক্ষের শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। ইউএনও মনোনীত শ্রমিকেরা ইউনিয়নের কাজীপাড়া ও নিচুপাড়ায় রাস্তায় মাটি কাটার কাজ করছেন। ইউপি চেয়ারম্যান মনোনীত শ্রমিকদের বড়বিহানালী নাজিরের মোড় থেকে কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি কাটার কাজ করতে দেখা গেছে। টাকা আদৌ পাবেন কি না, তা নিয়ে শমসের আলী, শামসুর রহমানসহ বেশ কয়জন শ্রমিক সংশয় প্রকাশ করেছেন।পিআইও দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইউনিয়ন পর্যায়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই কমিটিতে ইউপি চেয়ারম্যান সভাপতি, ইউপি সচিব হচ্ছেন সদস্য সচিব, সব ওয়ার্ডের সদস্যরা পদাধিকারবলে সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ১১ জন প্রতিনিধি এই কমিটির সদস্য থাকবেন। সে নীতিমালা অনুযায়ী বড়বিহানালী ইউপির চেয়ারম্যান একটি কমিটি গঠন করে সেই তালিকা গত ২০ মার্চ পিআইওর দপ্তরে দাখিল করেন। অপরদিকে ইউপি সদস্য আবদুস সামাদ ইউএনওর মনোনীত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করে তাঁদের প্রস্তুতকৃত তালিকাও পিআইওর দপ্তরে দাখিল করেন।বড়বিহানালী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নীতিমালার তোয়াক্কা না করে আওয়ামী লীগের নেতারা ইউএনওর তৈরি করা তালিকার শ্রমিক দিয়েই কাজ করছেন। এটি বিধিসম্মত না হওয়ায় বিধি অনুযায়ী কমিটি গঠন করেছেন তিনি। সেই কমিটির তৈরি করা তালিকা দাখিল করে প্রকল্প শুরু করেছেন।বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, পরিপত্র অনুযায়ী প্রথম পর্যায়ের শ্রমিকদের দিয়েই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। চেয়ারম্যান যে তালিকা করেছেন, তা অনুমোদনের সুযোগ নেই। ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে কমিটি গঠন, তালিকা প্রেরণ ও প্রকল্প বাস্তবায়ন ঠিক হয়েছে কি না, এ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘এ নিয়ে জটিলতা দেখা দিলে জনস্বার্থে সাংসদ মহোদয়ের পরামর্শে তা করা হয়েছে।’পিআইও আবু লোহেল আল মামুন জানান, পৃথকভাবে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে বলে শুনেছেন। প্রথম পর্যায়ের তালিকার শ্রমিকদের দিয়ে কাজ করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে বলে তিনি জানান। তবে চেয়ারম্যান অভিযোগ করেছেন, প্রথম পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পের জন্য যে শ্রমিকের তালিকা করা হয়েছে, সেখানেও তাঁকে ও ইউপি সদস্যদের উপেক্ষা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে প্রথম পর্যায়ের কাজ করা হয়েছে।