‘ইউনিসেফ অ্যাডভোকেট’ হলেন জুয়েল আইচ ও মৌসুমী
দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জাদুশিল্পী জুয়েল আইচ ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ‘ইউনিসেফ অ্যাডভোকেট’ হিসেবে দায়িত্ব পেলেন। এ দুই শিল্পী শিশুদের পক্ষে জনমত ও সচেতনতা তৈরি করবেন।গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) আয়োজিত অনুষ্ঠানে জুয়েল আইচ ও মৌসুমী শিশুদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। তাঁরা শিশুশ্রম বন্ধ, জন্মনিবন্ধন করা, শিশুর ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধ, শিশু ও মাতৃস্বাস্থ্য রক্ষা, এইচআইভি/এইডস প্রতিরোধ, শিশুদের টিকাদানসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাবেন।মৌসুমী বলেন, ‘শিশুদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। আমাদের দোষ, তা আমরা দেখতে পাই না। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সমাজ, অভিভাবক, বিশেষ করে সরকারকে সচেতন হতে হবে।’জুয়েল আইচ বলেন, ‘ইউনিসেফ যে দায়িত্ব পালন করছে, তাকে স্থানীয়ভাবে সহায়তা করতে হবে। সে জন্যই জনমত গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে।’অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, ‘এ দুই শিল্পী যখন কিছু বলেন, সারা দেশ তা শোনে। তাঁরা শিশুদের জন্য সোচ্চার হয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, ইউনিসেফের সঙ্গে থাকবেন, সে জন্য আমরা কৃতজ্ঞ।’