সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী বিধিবিধান উপেক্ষা করে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও দলভিত্তিক করার অপচেষ্টা চলছে। এ কারণে স্থানীয়ভাবে জনপ্রিয়, কিন্তু কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াতে চাইছেন না। সত্যিকারের যোগ্য প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে দলীয় প্রভামুক্ত রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক বলেন, ইউপি নির্বাচন নির্দলীয় হবে, এমনটি আশা করা যাচ্ছে না। নির্বাচন কমিশন যদিও বলে যাচ্ছে, বিদ্যমান বিধিবিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। তার পরও খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। সুজন কক্সবাজার জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, সাংবাদিক আবদুল কুদ্দুস, প্রকৌশলী কানন পাল, মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহজাহান, কবি শামীম আকতার প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলের প্রভাব, বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন, মনোনয়ন-বাণিজ্য, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ নানা বিষয়ে নিজ নিজ অভিমত তুলে ধরেন। তাঁরা ইউপি নির্বাচনকে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ প্রভাব থেকে দূরে রাখার দাবি জানান।