'ইউপি নির্বাচনে গন্ডগোল করলে খেসারত দিতে হবে'
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ব্যক্তি বা পক্ষ গন্ডগোল ও সন্ত্রাস সৃষ্টি করলে ওই ব্যক্তি বা পক্ষকে এর খেসারত দিতে হবে। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ৪ জুন সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংসদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথায়, কী হয়েছে, সেটি আমাদের বিষয় নয়। সাতকানিয়া উপজেলার সব কটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই। প্রার্থী ও সমর্থকদের সংযম দেখাতে হবে। ভোট নিয়ে যাঁরা গন্ডগোল ও সন্ত্রাস সৃষ্টি করবেন, তাঁদের চৌদ্দগুষ্টিকে এর জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার প্রমুখ।