'ইউরেনিয়াম' পরীক্ষা করা হয়নি এখনো
ইউরেনিয়াম সন্দেহে আটক বস্তু আসলে কী, তা জানা যায়নি গতকাল সোমবার পর্যন্ত। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, বস্তুটি পরীক্ষার জন্য আদালতের অনুমতি পাওয়া গেছে।
কথিত ‘ইউরেনিয়াম’ কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি। তাঁদের একজনের কাছ থেকে একটি চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কথিত সেই ইউরেনিয়াম রয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা ডিবিকে জানিয়েছেন।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, ওই বস্তু আদতে ইউরেনিয়াম কি না, তা পরীক্ষার জন্য আদালত একজন ম্যাজিস্ট্রেটসহ মামলার তদন্ত কর্মকর্তাকে আলামত নিয়ে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে যাওয়ার নির্দেশ দেন। দু-এক দিনের মধ্যেই আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে।
ওই কথিত ইউরেনিয়াম কোত্থেকে এল, বা কী উদ্দেশ্যে আনা হয়েছে, সে বিষয়ে আসামিরা ডিবিকে কিছু তথ্য দিয়েছেন। কিন্তু সেগুলো এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন উপকমিশনার। গতকাল থেকে ওই ১১ জনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি।